বো জিলাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনল চীন
কেলেঙ্কারি জর্জরিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে চীন।
শ্যানডং প্রদেশের জিনানে বৃহস্পতিবার সরকারি কৌসুলিরা জিলাইকে অভিযুক্ত করেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ব্রিটিশ এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে ঘিরে কেলেঙ্কারির মুখে চংকিং এর কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান বো জিলাইকে দল থেকে বহিস্কার করা হয়।
নেইল হেউড নামক ওই ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গত অগাস্টে জিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে কারাদণ্ড দেয় আদালত।
হত্যাকান্ডের এ ঘটনা ছাড়াও দুর্নীতি এবং কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ে অন্তর্কলহ নিয়ে বো জিলাই যে কেলেঙ্কারিতে জড়িয়েছেন তা কয়েকবছরের মধ্যে চীনে আলোড়ন সৃষ্টি করেছে।
ক্ষমতার অপব্যবহার করে জিলাই বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগপত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া।তার বিরুদ্ধে সরকারি তহবিল তছরূপেরও অভিযোগ আনা হয়েছে।
জিনানের আদালতে জিলাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হওয়ায় তার বিচার এখন আসন্ন বলে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।তবে বিচারের কোনো দিন এখনো ঘোষণা করা হয়নি।
