২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাবাহিনী মুরসিকে অপহরণ করেছে’

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পরিবার অভিযোগ করে বলেছে, সেনাবাহিনী তাকে অপহরণ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

বিবিসি জানায়, মুরসির মেয়ে শাইমা রাজধানী কায়রোয় এক সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

৩ জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কোনোরকম অভিযোগ গঠন ছাড়াই তাকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে।

সাবেক এ নেতার নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে সব দায় সেনাবাহিনীর ওপর চাপিয়েছে তার পরিবার।মুরসির এক ছেলে ওসামা বলেন, “যা চলছে তা মানবাধিকারের লঙ্ঘন এবং যে কোনো অর্থেই এ এক কেলেঙ্কারি”।

মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ পর্যন্ত হয়নি বলে জানান ওসামা।

ওদিকে, শাইমা মুরসি সাংবাদিকদের বলেন, “আমরা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের নেতা আব্দুল ফাত্তাহ আল-সিসি ও তার দলবলের বিরুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নিচ্ছি।


মুরসি উৎখাত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে এটিই প্রথম বিবৃতি।

মুরসির দল মুসলিম ব্রাদারহুড দেশটির সেনাবাহিনী-সমর্থিত নতুন সরকারকে স্বীকৃতি দেয়নি।কায়রোয় প্রায় প্রতিদিনই রাস্তায় রাস্তায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা।