নতুন সংবিধানের পথে মিশর, আলোচনার ডাক
মিশরে নতুন সংবিধান প্রণয়নে আইন বিশেষজ্ঞদের ১০ সদস্যের প্যানেল গঠন করেছে প্রধানমন্ত্রী আদলি মনসুরের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
রোববার থেকেই সংবিধান সংশোধনের কাজ শুরু করছে এ প্যানেল।আগামী ৩০ দিনের মধ্যেই তাদেরকে সংবিধানের খসড়া জমা দিয়ে নতুন পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনের পথ সুগম করতে হবে।
এরই মধ্যে দেশে বিভক্তি দূর করতে সব রাজনৈতিক দলকে আলোচনায় ডেকেছেন নতুন প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি। সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করাকে কেন্দ্র করে মিশরে বিভক্তি দেখা দিয়েছে।
মুরসির হাজার হাজার সমর্থক এখনো রাজপথে বিক্ষোভ করে যাচ্ছে। পাল্টা বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে মুরসি বিরোধীরাও।
এ পরিস্থিতির অবসান ঘটাতেই শনিবার এক টেলিভিশন ভাষণে বেবলাওয়ি রাজনৈতিক দলগুলোকে ‘জাতীয় সংলাপে’ বসার আহ্বান জানান।
তিনি বলেন, “জাতি বিভক্ত থাকলে আমরা নতুন সংবিধান প্রণয়নের পথে এগিয়ে যেতে পারবনা। আমাদেরকে আবার সম্প্রীতির পথে ফিরে আসতে হবে।”
গত ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা হস্তক্ষেপে অপসারণের পর সংবিধানও স্থগিত করা হয়েছিল।
সাবেক স্বৈরশাসক মুবারক ক্ষমতা ছাড়ার পর তার সময়কার সংবিধান সংস্কার করে নতুন সংবিধান চালু করেছিলেন প্রেসিডেন্ট মুরসি।
ওই সংবিধানে ধর্মনিরপেক্ষ নীতি থেকে সরে এসে ইসলাম ঘেঁষা নীতি চালু হওয়ায় এর বিরোধিতা করেছিল মিশরের প্রগতিশীল সমাজ।
মুরসির দল মুসলিম ব্রাদারহুড এ সংবিধান সংশোধনের নতুন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।নতুন অন্তবর্তী সরকারকেও স্বীকৃতি দিচ্ছে না তারা।এমনকি মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল না করা পর্যন্ত ব্রাদারহুড কোনো আলোচনায়ও বসতে অস্বীকৃতি জানিয়েছে।
