ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে একাধিক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।
শনিবার উত্তরাঞ্চলীয় এলাকা তবছিতে সবচেয়ে প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকার একটি রাস্তায় গাড়িবোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়।
কারাদা অঞ্চলের বাণিজ্যিক এলাকার একটি রাস্তায় আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছে।এছাড়া, জাফরানিয়া, মুওয়াসালাত, আল-শুরাত এবং নিউ বাগদাদে বিস্ফোরণ ঘটে।
এসব বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ইরাকে জাতিগত সংঘাতের নতুন উত্তেজনা দেখা দিয়েছে।
সাইদ আল মোহাম্মেদ নামে এক দোকানদার বলেন,“আমি বন্ধুদেরকে নিয়ে আমার দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম এবং দাঁড়িয়ে থাকা একটি গাড়ি দেখে আমাদের সন্দেহ হয়।আমরা চালককে উদ্দেশ্য করে ডাকাডাকি করলেও কেউ জবাব দেয়নি।”
“মূহুর্তের মধ্যেই গাড়িটি বিস্ফোরিত হল এবং দোকানের সামনের দিক উড়ে গেল।রাস্তার পথচারীরাও খেলনার মতো উড়ে গেলো। চোখের সামনে পড়ে থাকলো শুধু আগুন, ধোঁয়া, আর মৃতদেহ। আর শুনছিলাম সাহায্যের জন্য আহত মানুষগুলোর আহাজারি।”
ইরাকে ধারাবাহিক বোমা হামলার মধ্যে সর্বশেষ এ হামলায় দেশটি পুরোমাত্রায় জাতিগত সংঘাতে নিমজ্জিত হওয়ার হুমকি সৃষ্টি হয়েছে।
ইরাক বডি কাউন্ট নামের একটি সন্ত্রাস পর্যবেক্ষণ গ্রুপের তথ্যানুযায়ী, জঙ্গি হামলায় জুলাই থেকে এ পর্যন্ত ৫৩৫ জনের ও বেশী মানুষ নিহত হয়েছে।
