২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি দমন অভিযানে সেনাসহ নিহত ১৯

পাকিস্তানের খাইবার এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে চালানো সেনাবাহিনীর এক অভিযানে ১৫ জঙ্গি নিহত ও বহু আহত হয়েছেন। এ সময় বন্দুকযুদ্ধে চার পাকিস্তানি সেনাও নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 11:13 AM

শুক্রবার শুরু হওয়া অভিযানটি শনিবার শেষ হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

অভিযানে খাইবার সীমান্তে জঙ্গিদের একটি প্রধান ঘাঁটি এলাকা খারমাতুঙ্গ মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

খারমাতুঙ্গ কোহট ও খাইবারের ক্ষুদ্র-নৃগোষ্টি অধ্যুষিত এলাকা বারার মধ্যবর্তী একটি এলাকা। এলাকাটি বিদ্রোহী জঙ্গিদের প্রধান ট্রানচজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো বলে দাবী করেছে সেনাবাহিনী।

অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

আফগান সীমান্তে পাকিস্তানের ক্ষুদ্র-নৃগোষ্ঠি অধ্যুষিত সাতটি আধা-স্বায়ত্ত্বশাসিত জেলার মধ্যে খাইবার অন্যতম। রাষ্ট্রিয় কাঠামোর অস্তিত্ব মেনে না নেয়া এলাকাটির বসিন্দারা বরাবরই বিদ্রোহী হিসেবে বেড়ে ওঠে। বর্তমানে এলাকাটি আল কায়েদাসহ ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোর প্রধান বিচরণ ক্ষেত্র।

খারমাতুঙ্গ এলাকাটির কৌশলগত অবস্থান জঙ্গিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকাটি দখলে থাকলে পেশোয়ার শহরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা সহজ হয়।

আল কয়েদাসহ এখানে সক্রিয় অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর মধ্যে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি), আনসারুল ইসলাম ও লস্কর ই ইসলাম অন্যতম। পাকিস্তান থেকে আফিগানিস্তান ও আফগানিস্তান থেকে পাকিস্তানে আসা-যাওয়ায় জঙ্গিদের প্রধান পথ হিসেবে খারমাতুঙ্গ ব্যবহৃত হয়ে আসছে।

এলাকাটির ওপর সেনা দখল প্রতিষ্ঠার মাধ্যমে পথটি বন্ধ করা হয়েছে বলে দাবী করেছে পাকিস্তান সেনাবাহিনী।