২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিং বিমানবন্দরে বোমা বিস্ফোরণ

চীনের রাজধানী বেইজিংয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে বসা এক ব্যক্তি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Jul 2013, 06:10 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ শানডোংয়ের বাসিন্দা জি ঝোংজিং (৩৪) এ বিস্ফোরণ ঘটান বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণে হামলাকারী নিজে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।

ওই ব্যক্তি কেন বিমানবন্দরে অবস্থান করছিলেন তার কারণ জানাতে পারেনি রাষ্ট্রীয় টেলিভিশন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে এ বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ঘণ্টা দেড়েকের মধ্যে বিমানবন্দরে ফের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের আগে কালো চুলের এক ব্যক্তি সাদা রংয়ের একটি প্যাকেট উপরের দিকে ছুড়ে মারছেন।

বিস্ফোরণ ঘটানোর পিছনে কী কারণ থাকতে পারে জানতে চাইলে বিমানবন্দরের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।