রাশিয়ার সরকার বিরোধী নেতার ৫ বছরের জেল
রাশিয়ার একটি আদালত সেদেশের সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।
তবে নাভালনি সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ এবং দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় প্রচার চালিয়ে আসা নাভালনির(৩৭)বিচারের রায় বৃহস্পতিবার ঘোষণা করেছে আদালত।
এ রায়ের ফলে তিনি রাজনীতিতে নিষিদ্ধ হবেন।২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও রাজধানী মস্কোর আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নাভালনি।
সরকারের জন্য কাঠ কেনার এক চুক্তি থেকে ৫ লাখ ডলার অর্থ আত্মসাতের ষড়যন্ত্রের কারণে আদালত নাভালনিকে দোষী সাব্যস্ত করেছে।ঘটনার সময় কিরোভ অঞ্চলের গভর্নর নিকিতা বেলিখের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি কৌসুলিরা তার বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ডের আবেদন জানালেও বিচারক সের্গেই ব্লিনভ ৫ বছরের জেল দেয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু নাভালনির দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিচার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিরোভের আদালতের রায় শোনানোর জন্য নাভালনিকে মস্কো থেকে প্রায় ১২ ঘন্টার রেলভ্রমণ করিয়ে নিয়ে যাওয়া হয়।মস্কোয় তার সমর্থকরা আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার শপথ নিয়েছে।
ওদিকে, হাতকড়া পরিয়ে নাভালনিকে নিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে তিনি নিজেও সমর্থকদেরকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।টুইটারে নাভালনি লেখেন,“কিছু না করে নিশ্চুপ বসে থেকোনা”।
