২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে আসাদপন্থি সিরীয় কর্মকর্তা নিহত

লেবাননে জঙ্গি হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শীর্ষ সমর্থক মোহাম্মদ দারা জামো নিহত হয়েছেন। প্রতিবেশী লেবাননে সিরিয়ার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার সর্বশেষ নজির এটি। বুধবার ভোররাত ২টায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে লেবাননের কয়েকটি নিরাপত্তা সূত্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jul 2013, 12:42 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

জামো সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতেন। মাঝে মাঝে তাকে আরব টিভি চ্যানেলগুলোতেও দেখা যেতো।

সূত্র জানায়, জামোর ঘাতকরা তার বাড়িতেই লুকিয়ে ছিল। এ সময় স্ত্রী তার সঙ্গে থাকলেও তিনি অক্ষত আছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ হত্যাকাণ্ডের জন্য “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠিকে” দায়ী করেছে।ওদিকে, লেবাননের নিরাপত্তা বাহিনী এ হত্যাকাণ্ডের জন্য সিরিয়ার বিদ্রোহীরা প্রধান সন্দেভাজন বলে জানিয়েছে।

১৫ বছর ধরে চলা লেবাননের গৃহযুদ্ধ ১৯৯০ সালে শেষ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে নিজেকে দূরে রাখতে সংগ্রাম করে যাচ্ছে লেবানন।

কিন্তু সিরিয়ার বিরোধী দুই পক্ষের লেবাননি সমর্থকরা পরস্পর গাড়িবোমা হামলা ও বন্দুকযুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গৃহযুদ্ধকে নিজ দেশে টেনে আনছে।

মঙ্গলবার লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের বহনকারী একটি গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সিরিয়া সীমান্তের কাছে একই গাড়িবহরের ওপর আবার চোরাগোপ্তা হামলা হয়। এতে হিজবুল্লাহর এক কর্মকর্তা নিহত ও অপর দুজন আহত হন।

সিরিয়ার গৃহযুদ্ধে শিয়া প্রেসিডেন্ট আসাদের পক্ষ হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ গেরিলারা। গোষ্ঠীটি লেবাননের সবচয়ে প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক শক্তি।

সিরিয়ার সুন্নি বিদ্রোহীরা হিজবুল্লাকে লক্ষ্যস্থল করার হুমকি দিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় চালানো এক গাড়িবোমা হামলায় ৫০ জন আহত হন। এর আগে মে’র শেষ দিকে ওই এলাকায় রকেট হামলা চালানো হয়েছিল।

সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৯০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।