বিহারে খাদ্যে বিষক্রিয়া : ২০ শিশুর মৃত্যু
ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে বিনামূল্যে দেয়া দুপুরের খাবার খেয়ে ২০ শিশু মারা গেছে। তাদের বেশিরভাগের বয়স ১০ বছরেরও কম।
অসুস্থ হয়ে পড়া আরো ৩৫ শিশুকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্কুলটিতে দেয়া ওই খাবার মারাত্মক বিষাক্ত ছিল বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভি জানিয়েছে, প্রাদেশিক রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে ছাপরার কাছে একটি স্কুলে এই ঘটনা ঘটেছে।
ছাপরা জেলা ম্যাজিস্ট্রেট অভিজিৎ সিনহা বলেন, “প্রায় ৫০ শিশু দুপুরের খাবার খেয়ে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের স্কুলে নিয়ে আসা হলে দুই শিশু মারা যায়। এ সময় তারা আমাদের কাছে আসে এবং আরো সাত শিশু মারা যায়। ওই মুহূর্তে আমরা দ্রুত শিশুদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি।”
“ চিকিৎসকরা বিদেশি রাসায়নিকের উপস্থিতি আবিষ্কার করেন। কয়েকটি শিশুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা শিশুদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু খাদ্যে বিষের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাদের সবাইকে বাঁচানো সম্ভব হয়নি।”
মঙ্গলবার সন্ধ্যায় শত শত মানুষ স্থানীয় পুলিশ স্টেশন ঘেরাও করে স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, “বিহারের সর্বত্র এ ধরনের ঘটনা ঘটছে। এর পেছনে যারা রয়েছে আমি তাদের খুঁজে বের করবো।”
