২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের দারফুরে সাত শান্তিরক্ষী নিহত

সুদানের গোলযোগপূর্ণ দারফুর অঞ্চলে বন্দুকধারীদের ব্যাপক গুলিবর্ষণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jul 2013, 05:21 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার দক্ষিণ দারফুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন/জাতিসংঘ নেতৃত্বাধীন ইউএনএএমআইডি বাহিনী।

২০০৮ সালে মোতায়েনের পর থেকে শান্তিরক্ষী বাহিনীর ওপর চালানো সবচেয়ে ভয়াবহ একক হামলা এটি। এ ঘটনায় “ক্ষুব্ধতা” প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

দক্ষিণ দারফুরে অজ্ঞাত বন্দুকধারীদের বড় একটি দল শান্তিরক্ষী বাহিনীর একটি টহল দলের ওপর অতর্কিতে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। এলাকাটির শান্তিরক্ষার দায়িত্বে তাঞ্জানিয়ার বাহিনী মোতায়েন আছে বলে জানিয়েছে ইউএনএএমআইডি।

ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানোর পর “ব্যাপক গুলিবিনিময়ের” পর আহত ও অন্যান্য শান্তিরক্ষীদের উদ্ধার করা সম্ভব হয়।

আহত ১৭ জনের মধ্যে এক নারী সেনা ও এক নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। হতাহতদের জাতীয়তা প্রকাশ করেনি ইউএনএএমআইডি।

তবে জাতিসংঘের এক সূত্র জানিয়েছে, হতাহতদের অধিকাংশই সম্ভবত তাঞ্জানীয়।

সুদানের আরব নেতৃত্বাধীন সরকার তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে অভিযেোগে ২০০৩ সাল থেকে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে দারফুরের আফ্রিকীয় নৃগোষ্ঠির গোত্রগুলো। তারপর থেকে সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে।

চলমান লড়াইয়ের কারণে চলতি বছর দারফুর থেকে প্রায় তিনলাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।