হমসে মানবিক সহায়তার আবেদন রেডক্রসের
সিরিয়ার প্রাচীন শহর হমসে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস। বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধার করার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদদের অনুগত বাহিনী শহরটির ওপর ব্যাপক আকাশ হামলা ও গোলাবর্ষণ করছে।
রেডক্রস জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে যুদ্ধরতরা আটকে পড়া শহরবাসীদের মানবিক সহায়তা সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে, পাশাপাশি শহর ছেড়ে পালাতে চাওয়া আটকে পড়া অধিবাসীদের বের হওয়ার নিরাপদ রাস্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে তারা।
সিরিয়ায় রেডক্রসের প্রতিনিধি দলের প্রধান ম্যাগনে বার্থ বলেন, “আমরা সিরীয় কর্তৃপক্ষের কাছে পুরনো ওই শহরে খাদ্য ও ওষুধ সরবরাহ করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছি।”
“যে সব বেসামরিক বাসিন্দা শহরটি ছেড়ে যেতে চায় তারা যেন নিরাপদে তা করতে পারে তার জন্য আমরা শহরটির নিয়ন্ত্রণে থাকা সকল সশস্ত্র গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছি।”
সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন থেকে গৃহযুদ্ধে পরিণত হওয়া সহিংসতা ক্রমশই আরো সহিংস হয়ে উঠছে। দুই বছরেরও বেশি সময়ে এই সংঘাতে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
