২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ফের পাল্টাপাল্টি বিক্ষোভ

মিশরে রমজান মাসের প্রথম শুক্রবারে নতুন করে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীরা ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 10:32 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

মুরসির সমর্থকদের এ বিক্ষোভে তাকে পুনর্বহালের দাবিতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে।


অন্যদিকে, বিরোধীরা যাদের আন্দোলন গত সপ্তাহে মুরসির পতন ডেকে এনেছে তারা বিকালে তাহরির স্কয়ারে জড়ো হয়েছে।

মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ব্যাপক সহিংসতায় এরই মধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে।
নতুন করে শুরু হতে চলা বিক্ষোভে আবারো তিক্ত সহিংসতার ঘটনা না ঘটুক তেমনটিই আশা করছে মিশরবাসী।

মুরসির দল মুসলিম ব্রাদারহুডের প্রত্যাশা দলে দলে মানুষ রাস্তায় নেমে মুরসিকে আবার প্রেসিডেন্ট পদে বহাল করার দাবি জানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করুক।

কায়রোয় এ দাবিতে সপ্তাহব্যাপী গণবিক্ষোভ করে আসছে মুরসি সমর্থকরা।

প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান গার্ড ব্যারাকে মুরসি এখনো আটক আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার এ ব্যারাকের বাইরে সংঘর্ষে ৫৩ জন ইসলামপন্থি বিক্ষোভকারী নিহত হয়েছে।বিক্ষোভের কেন্দ্রস্থল হচ্ছে রাবা আল আদুয়িয়া মসজিদ।

এরই মধ্যে বৃহস্পতিবার আরো বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

ব্রাদারহুডের ঊর্ধ্বতন নেতাদেরকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এ ঘোষণা দেয় দলটি।

ব্রাদারহুডের এ নেতাদের বিরুদ্ধে গত সোমবার কায়রোয় সংগঠিত সংঘর্ষ উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে।ওই সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়।

বৃহস্পতিবার মুসলিম ব্রাদারহুড তাদের দাপ্তরিক ওয়েবসাইটে ইস্যু করা বিবৃতিতে বলেছে, আমরা সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিরোধ কর্মসূচি চালিয়ে যাব।

জুলুম এবং দমনপীড়নের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ আকাঙ্খার জয় হবে বলে আমরা আস্থাশীল।