বিক্ষোভ চালিয়ে যাবে ব্রাদারহুড
মিশরে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে মুসলিম ব্রাদারহুড।
মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবিতে রাজধানী কায়রোয় একটি ব্যারাকের কাছে গণবিক্ষোভে জড়ো হচ্ছে তার সমর্থকরা। ওই ব্যারাকেই মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাদারহুডের ঊর্ধ্বতন নেতাদেরকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরদিন বিক্ষোভ চালিয়ে যাওয়ার এ ঘোষণা দিল দলটি।
ব্রাদারহুডের এ নেতাদের বিরুদ্ধে গত সোমবার কায়রোয় সংগঠিত সংঘর্ষ উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে।ওই সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়।
বৃহস্পতিবার মুসলিম ব্রাদারহুড তাদের দাপ্তরিক ওয়েবসাইটে ইস্যু করা বিবৃতিতে বলেছে, আমরা সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিরোধ কর্মসূচি চালিয়ে যাব।
জুলুম এবং দমনপীড়নের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ আকাঙ্খার জয় হবে বলে আমরা আস্থাশীল।
মিশরের নতুন কর্তৃপক্ষ মুরসি কোথায় তা সুনির্দিষ্টভাবে জানায়নি।কিন্তু পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তিনি নিরাপদ জায়গায় আছেন এবং তাকে যথেষ্ট মর্যাদার সঙ্গে রাখা হয়েছে।
