‘ভীত নন স্নোডেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ গোপন গোয়েন্দা কার্যক্রমন ফাঁস করে দেয়া সাবেক গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন তার কৃতকর্মের জন্য ভীত নন। এমন কী তার কোনো অনুতাপও নেই।
যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড বুধবার এ কথা জানান বলে এনডিটিভি জানিয়েছে।
স্নোডেনের ফাঁস করা গোপন গোয়েন্দা কার্যক্রমের নথি সাংবাদিক গ্নেন গ্রিনওয়াল্ডই প্রথম প্রকাশ করেন।
মঙ্গলবার অনলাইনে চ্যাটের মাধ্যমে স্নোডেনের সঙ্গে কথা বলে গ্রিনওয়াল্ড বলেন, “তিনি (স্নোডেন) তার পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তিত কিন্তু সত্যিই যে বিতর্ক তিনি উস্কে দিয়েছেন তাতে তিনি ভালই বোধ করছেন।”
রিওতে বসবাসকারী গ্রিনওয়াল্ড বলেন, “তিনি খুবই সংযত ও শঙ্কাহীন অবস্থায় রয়েছেন। তিনি যা ঘটিয়েছেন তার জন্য সুখী বোধ করেন।”
যদিও গ্রিনওয়াল্ড নিশ্চিত করতে পারেননি স্নোডেন কোন দেশের আশ্রয় গ্রহণ করবেন। তবে তিনি জানিয়েছেন, লাতিন আমেরিকার যে তিনটি দেশ রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে তার মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা বিবেচনায় ভেনেজুয়েলার প্রস্তাবই সম্ভবত স্নোডেন গ্রহণ করতে যাচ্ছেন।
গ্রিনওয়াল্ড বলেন, “আমি তার রাজনৈতিক আশ্রয়ের পরিকল্পনা নিয়ে বেশি সময় ব্যয় করিনি। আমি সত্যিই জানিনা এ ব্যাপারে তিনি ঠিক কী করতে যাচ্ছেন।”
“আমি মনে করি, ভেনেজুয়েলাই সম্ভবত সবচেয়ে যৌক্তিক নির্বাচন হবে। কেননা ভেনেজুয়েলা অন্য দুই লাতিন দেশ যারা তাকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছে তাদের থেকে বৃহৎ এবং শক্তিশালী। ভেনেজুয়েলা তাকে নিরাপত্তা দিতে সক্ষম হবে।”
এরআগে গ্রিনওয়াল্ড বলেছেন, এই সমস্যা এখনো জটিল এবং এটি সমাধানে কয়েকদিন বা সপ্তাহও লেগে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অগ্রাহ্য করেই সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেন।
শুক্রবার দেশটির ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসের সেনা প্যারেডের ভাষণে মাদুরো বলেন, “আমেরিকার নামের প্রতি সম্মান রেখে মানবিক কারণে আমি এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, পুরো বিশ্বের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির ব্যাপারে সত্য প্রকাশ করা বিদ্রোহী চেতনাসম্পন্ন এক তরুণ সে।”
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ৩০ বছর বয়সী সাবেক ঠিকাদার স্নোডেন মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন।
