সিরিয়ায় বিদ্রোহীদের ‘প্রধানমন্ত্রীর’ পদত্যাগ
সিরিয়ার বিদ্রোহীদের ‘প্রধানমন্ত্রী’ গাসান হিত্তো পদত্যাগ করেছেন।বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে অন্তবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছিল।
নিয়োগ পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সরকার গঠনে ব্যর্থতার কথা জানিয়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। নেতৃত্ব নিয়ে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনে অভ্যন্তরীন সংঘাত ও রদবদলের কারণে গাসান হিত্তো এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গত শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এসএনসি’র সর্বশেষ বৈঠকে সৌদি সমর্থিত আহমাদ আসি জারবাকে বিদ্রোহীদের প্রধান বিরোধী জোটের নেতা নির্বাচন করা হয়েছে।
এর আগে গত মার্চে হিত্তোকে সিরিয়ান রেভল্যুশনারী এন্ড অপজিশন ফোর্সেস এর জন্য অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়।কিন্তু বিরোধী জোটের অনেক সদস্যই তার প্রতি আস্থাশীল নয়।অনেকেই তাকে মুসলিম ব্রাদারহুড এবং কাতার ঘেঁষা বলে মনে করে।
২০১২ সালের নভেম্বরে বিদ্রোহীরা সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি গঠন করে। সে সময় মোয়াজ আল খতিবকে ওই জোটের প্রধান করা হয়। কিন্তু হিত্তো নিয়োগ পাওয়ার ৫ দিন পরই খতিব পদত্যাগ করেন।সোমবার হিত্তো অন্তর্বর্তী সরকার গঠনে ব্যর্থতার কথা বলে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
