মৃত্যুর আগে নয় বছর পাকিস্তানে ছিলেন বিন লাদেন
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীগুলোর “সম্মিলিত অদক্ষতা ও অবহেলার” কারণে আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেন নয় বছর ধরে পাকিস্তানে আত্মগোপন করে থাকতে পেরেছে। ফাঁস হয়ে যাওয়া এক সরকারি প্রতিবেদন সূত্রে বিষয়টি জানা গেছে।
পাকিস্তান সরকারের ফাঁস হয়ে যাওয়া ওই তদন্ত প্রতিবেদনটি সোমবার প্রকাশ করেছে আল জাজিরা।
২০১১ সালের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের্ এক গোপন সেনা অভিযানে বিন লাদেন নিহত হন। এ ঘটনায় বিব্রত পাকিস্তান সরকার মার্কিন অভিযানের দুই মাস পর ঘটনার বিস্তারিত অনুসন্ধানে একটি কমিশন গঠন করে।
চার সদস্যের ওই কমিশনের নেতৃত্বে ছিলেন সর্বোচ্চ আদালতের বিচারপতি জাভেদ ইকবাল ।কমিশনের অন্য সদস্যদের মধ্যে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, এক কূটনীতিক ও এক সেনা জেনারেল ছিলেন।
ঘটনা তদন্তে কমিশন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ ২০১ জন লোকের সাক্ষাৎকার গ্রহণ করে। ছয় মাস আগে অনুসন্ধান শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ প্রতিবেদনটি প্রকাশ না করে চাপা দিয়ে রাখে।
সেই প্রতিবেদনের ফাঁস হওয়া একটি কপি আল জাজিরার হাতে পৌঁছলে প্রায় পুরো প্রতিবেদনটি সোমবার প্রকাশ করে দেয় সংবাদ মাধ্যমটি। এর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি কর্তৃপক্ষ দেশটিতে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ করে দেয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লাদেন আফগানিস্তানের তোরা বোরা পর্বতে মার্কিন হামলা থেকে রক্ষা পাওয়ার পর পালিয়ে ২০০২ সালের মাঝামাঝি পাকিস্তানে প্রবেশ করেন। এরপর থেকে মার্কিন অভিযানে নিহত হওয়ার আগ পর্যন্ত কোনো বিঘ্ন ছাড়াই লাদেন পাকিস্তানে আত্মগোপন করে ছিলেন।
দুর্নীতির কারণে নয়, অদক্ষতার কারণেই লাদেনকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ধরতে পারেনি বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে প্রতিবেদনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্যের বিষয়ে কিছু সন্দেহও প্রকাশ করা হয়, কারণ অনেক মূল প্রশ্নের সূরাহা এতে হয়নি। কিছু নিরাপত্তা কর্মকর্তা গোপনে বিল লাদেনকে সহায়তা করেছেন এমন সম্ভাবনাও বাতিল করেনি কমিশন।
প্রতিবেদনে লাদেনের পলাতক জীবনের প্রকাশিত বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়। ২০০২ থেকে ২০১১, এই নয় বছরে লাদেন পাকিস্তানে ছয়বার ঠিকানা পরিবর্তন করেন। পাকিস্তানি বা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ফাঁকি দিতে লাদেন একসময় দাড়ি কামিয়ে ‘কাউবয় হ্যাট’ পড়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একবার, বেশি জোরে চলায় লাদেনকে বহনকারী গাড়ি থামিয়েছিল পুলিশ, কিন্তু চিনতে না পারায় লাদেনকে চলে যেতে দেন সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তা।
প্রতিবেদনে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র তৎপরতা বন্ধ করতে না পারার ব্যর্থতার জন্য পাকিস্তানি কর্মকর্তাদের তিরস্কার করা হয় এবং যুক্তরাষ্ট্রের তৎপরতাকে অবৈধ ও অনৈতিক বলে চিহ্নিত করা হয়।
সিআইএ পাকিস্তানের প্রধান এনজিওগুলোকে লাদেনের ওপর চালানো গোয়েন্দা তৎপরতা আড়াল করতে ব্যবহার করেছে বলে প্রতিবেদনে বলা হয়। এসব এনজিওতে “ভাড়াটে গুণ্ডা”দের নিয়োজিত করে মিত্র পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র চূড়ান্ত প্রতারণা করে বলে অভিযোগ করা হয়।
“যুক্তরাষ্ট্র ভাড়াটে গুণ্ডার মতোই আচরণ করেছে,” প্রতিবেদনে বলা হয়।
লাদেন অভিযানে পাকিস্তানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারগুলো লাদেনের লাশ নিয়ে পাকিস্তান ছাড়ার ২৪ মিনিট পর পাকিস্তানের জেট বিমানগুলো সেদিকে ধাওয়া করে বলে প্রতিবেদনে জানানো হয়। পাকিস্তানের আকাশে যুক্তরাষ্ট্রের এই গোপন প্রবেশ চিহ্নিত করতে না পারায় সমারিক কর্মকর্তাদের দোষারোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের আগে আইএসআইয়ে’র গোয়েন্দারা লাদেনের অবস্থান বের করতে না পারার জন্য সংস্থাটিকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করে কমিশন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কমিশনের তদন্তে কোনো ধরনের সহযোগিতা করেননি। ফাঁস হওয়া প্রতিবেদনটি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো মন্তব্য করতে অস্বীকার করা হয়।
