ভারতের সেকেন্দ্রাবাদে হোটেল ধসে নিহত ১১
ভারতের অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে তিনতলা একটি আবাসিক হোটেল ধসে ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। ভবনটির ধ্বংসস্তুপে আরো বহু লোক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভোর সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
অন্ধ্রপ্রদেশের প্রধান শহর হায়দরাবাদের পাশেই সেকেন্দ্রাবাদ শহর। এখানের রাষ্ট্রপতি সড়কে ধসে পড়া ইরানিয়ান সিটি লাইট হোটেলটির অবস্থান ছিল। হোটেলটি ৮০ বছরের পুরনো।
হোটেলের ধ্বংসস্তুপ থেকে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের মতে ধ্বংসস্তুপের মধ্যে অন্তত ১২ জন এখনো আটকা পড়ে আছেন।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শহরের ৫৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হলেও সিটি লাইট হোটেল সেই তালিকায় ছিল না।
হায়দরাবাদ মিউনিসিপ্যাল কমিশনার কৃষ্ণ বাবু জানিয়েছেন, হোটেল ভবনটি বাইরে থেকে দেখতে ভালই মনে হওয়াতে ‘ঝুঁকিপূর্ণ’ ভবনের তালিকায় রাখা হয়নি।
কিন্তু নগর পরিকল্পনা কমিশনার রাঘু জানিয়েছেন, ভবিষ্যতে ৬০ বছরের অধিক সময় আগে নির্মিত সব ভবনকেই সংস্কারের জন্য নোটিশ দেয়া হবে।
