২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান ফ্রান্সিসকোয় বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি দক্ষিণ কোরীয় বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুই জন নিহত হয়েছেন। হাসপাতালে পাঠানো হয়েছে আরো অন্তত ১৩০ জনকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 04:01 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

উদ্ধারকর্মীরা জানান, ৩০৭ জন আরোহী নিয়ে সিউল থেকে আসা আসিয়ানা এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে রানওয়ের বাইরে অবতরণের পরপরই এর লেজ ভেঙে পড়ে। এরপর এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়।

টুইটারে পাওয়া ছবিতে দেখা যায়, বোয়িং বিমানটি থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে এবং বেশ কিছু যাত্রী বিধ্বস্ত বিমানটি থেকে বেরিয়ে আসছেন এবং দ্রুত দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা গুরুতর আহতদের বিমান থেকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুই শিশুসহ আট জনকে আশঙ্কাজনক অবস্থায় সানফ্রান্সিসকো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণও স্পষ্ট নয়।

বিমানের আরোহীদের মধ্যে ১৪১ জন চীনা, ৭৭ জন দক্ষিণ কোরীয় এবং ৬১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।