প্রধানমন্ত্রী হিসেবে এলবারাদি চূড়ান্ত নয়
মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ এলবারাদিকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও এরআগে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছিল বিভিন্ন সূত্র থেকে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মাহমুদ মনসুরের এক মুখপাত্র শনিবার রাতে জানান, প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে এখনো আলোচনা চলছে।
সরকারবিরোধী গণবিক্ষোভের মধ্যে গত বুধবার ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনাবাহিনী। পরদিন মিশরের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মনসুর।
অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ এলবারাদিকে নিয়োগ দেয়া হয়েছে বলে বিকালে কর্মকর্তারা জানান।
রাতে নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন বলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়।
তবে প্রেসিডেন্টের পরামর্শক আহমেদ আলমুসলিমানি রাতে সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর আজ এলবারাদির সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনো তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়া হয়নি।”
অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে এলবারাদি অন্যতম বলে জানান তিনি।
এলবারাদিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এদিন নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন।
প্রধানমন্ত্রী হিসেবে এলবারাদির নাম উঠে আসার পর তার প্রতিবাদ জানায় মিশরের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থী দল সালাফিস্ট নুর পার্টি। এলবারাদির সঙ্গে কাজ না করারও ঘোষণা দেয় তারা। এছাড়া ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মুরসির দল মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকেও আসে তীব্র প্রতিক্রিয়া।
এদিকে মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার মিশরজুড়ে বিক্ষোভ করে তার দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থক। তাদের সঙ্গে মুরসিবিরোধী ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়। আহত হয় এক হাজারের বেশি মানুষ।
উদ্ভূত পরিস্থিতিতে দেশকে সংকট থেকে বের করে আনার উপায় খুঁজতে শনিবার সেনাপ্রধান ও এলবারাদিসহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান হিসেবে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এলবারাদি।
২০১১ সালের ফেব্রুয়ারিতে দেশটির তিন দশকের বেশি সময়ের সামরিক শাসক হোসনি মোবারকের পতনের দাবিতে আন্দোলনের সময় দেশে ফেরেন এলবারাদি। মোবারকের পতনের পর রাজনৈতিক দল ন্যাশনাল কোয়ালিশন ফর চেঞ্জ গঠন করেন তিনি। পরে দেশের উদার ও বামপন্থী দলগুলোর জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্টের সমন্বয়কের দায়িত্বে আসেন তিনি।
