মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষতিপূরণ ৫শ’ কোটি টাকা
যুক্তরাষ্ট্রের এক অবৈধ অভিবাসী পানশালার এক পাহারাদারের নির্মম পিটুনিতে নিজের মস্তিষ্কের অর্ধেক হারিয়ে পরবর্তী সময়ে আদালতের আদেশে ৪শ’ ৬৪টি কোটি টাকা (৫৮ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ পেয়েছেন।
ক্যালিফোর্নিয়ার কোনো আদালতের দেয়া সবচেয়ে বড় ক্ষতিপূরণ আদেশগুলোর মধ্যে এটি অন্যতম।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্চ আদালত ক্ষতিপূরণের এ আদেশ দেয় বলে জানিয়েছে এনডিটিভি।
২০১০ সালের এপ্রিলে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের এক পানশালায় আন্তনিও লোপেজ চাজ (৪৩) পানশালার এক পাহারাদের পিটুনিতে গুরুতর আহত হন। পিটুনিতে তার মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়, মাথার একাংশ গুড়িয়ে যাওয়ায় মাথার খুলির ২৫ শতাংশ অংশ হারান তিনি। তবে এসব ক্ষতি সত্বেও প্রাণে বেঁচে যান।
চাজের আইনজীবী ফেদেরিকো সেরে জানান, একটি লাঠি দিয়ে তার মক্কেলের মাথায় আঘাত করার পর তা মেঝেতে ভীষণভাবে ঠোকা হয়।
এই মারধরের কারণে চাজ তার কথা বলার ক্ষমতা হারিয়েছেন এবং তাকে ২৪ ঘন্টা মেডিক্যাল সেবার মধ্যে থাকতে হয় ।
“এই ঘটনার কারণে চাজ ব্যাপক ও স্থায়ী স্নায়ুগত ক্ষতের মোকাবিলা করছেন, সারাজীবন ধরে এই ক্ষত নিয়ে তাকে সতর্ক থাকতে হবে। খুলির অংশটি স্বাভাবিক করতে পুনর্গঠন সার্জারি করতে হবে,” এক বিবৃতিতে বলেন সেরে।
উচ্চ আদালতের বিচারক টোরেন্স ভবিষ্যৎ চিকিৎসা খরচ হিসেবে চাজকে ১ কোটি ১৫ লাখ ডলার, ক্ষত জনিত যন্ত্রণা ও এ যাবৎ ভোগ করা দুর্ভোগের কারণে ৩ কোটি ৫ লাখ ডলার এবং ভবিষ্যৎ যন্ত্রণা ও দুর্ভোগের জন্য আরো ১ কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণের আদেশ দেন।
চাজের আইনজীবীদের ভাষ্যমতে, পানশালার যে পাহারাদার (পলাতক) চাজকে পিটিয়েছে তার কোনো প্রশিক্ষণ ছিল না এবং লাঠি বহন ও তা ব্যবহার করার অনুমতিও ছিল না।
হামলার শিকার হওয়ার কালে চাজ একজন অনুমোদহীন রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। অবৈধ অভিবাসী হলেও তার ওপর হওয়া অন্যায়ের বিচারের ক্ষেত্রে তার কোনো প্রভাব ছিল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
