যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধের হুমকি মোরালেসের
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইউরোপের আকাশসীমায় মোরালেসের বিমান চলায় বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই হুমকি দেন।
ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের প্ররোচনাতেই মোরালেসের বিমান ইউরোপীয় আকাশসীমায় ঢুকতে না পেরে অস্ট্রিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বৃহস্পতিবার এক শীর্ষ সম্মেলনে দক্ষিণ আমেরিকার বামপন্থি নেতারা মোরালেসের প্রতি সমর্থন ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে তিনি এই হুমকি দেন বলে বিবিসি জানিয়েছে।
মঙ্গলবার বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেস মস্কো সফর শেষে দেশে ফেরার পথে তার বিমানে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রয়েছেন সন্দেহে বিমানটিকে বাধা দিয়ে অস্ট্রিয়ায় জরুরি অবতরণে বাধ্য করা হয়।
ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগাল মোরালেসকে বহনকারী বিমানটিকে তাদের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি দেয়নি।
মোরালেস বলেন, “যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেয়ার ব্যাপারে আমার হাত একটুও দ্বিধাগ্রস্ত হবে না।”
তিনি আরো বলেন, “আমাদের আত্মমর্যাদা ও স্বাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াই আমরা রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে অনেক উন্নত।”
বৃহস্পতিবার বলিভিয়ার কোচাবামবা শহরে আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং সুরিনামের প্রেসিডেন্টদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াসহ অন্যান্য দেশের নেতারা মোরালেসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ ক্রিশ্চনার এ ঘটনায় সংশ্লিষ্টদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এরআগে এ ঘটনায় ইতোমধ্যে ‘পরস্পরবিরোধী তথ্য’র কারণেই এ ভুল হয়েছে বলে যুক্তি দেখিয়ে ক্ষমা চেয়েছে ফ্রান্স।
বিষয়টি নিয়ে জাতিসংঘে নালিশ জানানোরও হুমকি দেয় বলিভিয়া। এরপরই ওই ঘটনার জন্য ক্ষমা চায় ফ্রান্স।
জার্মানি সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বার্লিনে সাংবাদিকদের বলেছেন, তিনি যে মুহূর্তে জানতে পেরেছেন বিমানটিতে প্রেসিডেন্ট মোরালেস রয়েছেন সে মুহূর্তে সেটিকে তার দেশের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিয়েছেন।
ল্যাটিন আমেরিকার দেশগুলো মোরালেসের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর এ আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে।
