মিশরে শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট
মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মাহমুদ মনসুর।
বুধবার রাতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করার পর সেনাবাহিনী মনসুরকে অন্তবর্তী রাষ্ট্রপ্রধান করল।
এর মাত্র ৪ দিন আগেই সর্বোচ্চ সাংবিধানিক আদালতের বিচারপতি হিসাবে নিয়োগ পান মনসুর।অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগে বৃহস্পতিবারই সাংবিধানিক আদালতের প্রধান হিসাবে শপথ নেন তিনি।
কায়রোয় সাংবিধানিক আদালতে মনসুর বলেন, তিনি নতুন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন।তবে কখন তা বলেননি।
মুরসির পদত্যাগের দাবিতে রাস্তায় রাস্তায় গণবিক্ষোভের মধ্য দিয়ে মিশরের জনগণ তাদের বিপ্লবের গৌরবজ্জ্বল পথকে পরিশুদ্ধ করেছে। এর মধ্য দিয়েই তারা তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বলে মন্তব্য করেন মনসুর।
দেশের শসস্ত্র বাহিনী এবং জনগণের প্রশংসা করে মনসুর বলেন, ‘শাসকের স্তবগানের যুগ শেষ হওয়া উচিত’।
একইসঙ্গে গণমাধ্যম, পুলিশ এবং বিচারবিভাগের প্রশংসা করেন মনসুর।দেশের মানুষকে বিক্ষোভ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
শপথ নিয়ে মনসুর বলেন, “আমি এই প্রজাতান্ত্রিক ব্যবস্থা, সংবিধান ও আইন রক্ষা করে চলা এবং জনগণের স্বার্থ সুরক্ষার শপথ নিচ্ছি”।
স্বৈরাচারের দিন শেষের সময় এসে গেছে।এখন উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র পথ নতুন নির্বাচন।
মিশরে প্রথম অবাধ নির্বাচনে দেশের প্রেসিডেন্ট হওয়া মুরসিকে উৎখাত করে গৃহবন্দি করে রেখেছে সেনাবাহিনী।মুরসি এ ঘটনাকে সামরিক অভ্যুত্থান আখ্যা দিয়েছেন।
মিশরে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ পরিবর্তন সূচিত হয়েছে।বিক্ষোভকারীরা মুরসি ও তার দল মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দেশে ইসলামিক কর্মসূচি পরিচালনা করা এবং দেশের অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে ব্যর্থতার অভিযোগ করেছে।
রোববার থেকে মিশরে অস্থিরতা এবং সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।এ বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।
মোহাম্মদ মুরসির প্রধান বিরোধী হিসেবে পরিচিত ন্যাশনাল মুভমেন্ট পার্টির মোহাম্মাদ এল বারাদি ও আমর মুসাসহ অন্যান্য নেতারা সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন এবং অস্থায়ী সরকার গঠনের কাজ শুরু হয়েছে।
আগামী ছয় মাসের মধ্যে মিশরে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।কিন্তু মিশরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল।এ অবস্থায় মিশর পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন বড় প্রশ্ন।
