মিশরে সেনা অভ্যুত্থানে মুরসি উৎখাত
বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে মিশরের সংবিধান স্থগিত করেছে সেনাবাহিনী।
বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন।
তিনি বলেন, নতুন নির্বাচনের আগ পর্যন্ত সাংবিধানিক আদালতের প্রধান বিচারক আদলি মনসুর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবেন।
মুরসীবিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্টের অনড় অবস্থানের ফলে সৃষ্ট ‘রাজনৈতিক সঙ্কট নিরসনে’ একটি রূপরেখাও তিনি ঘোষণা করেন।
দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং কয়েকজন ধর্মীয় ও রাজনৈতিক নেতাকেও এ সময় তার পাশে দেখা যায়।
এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের দখল নেন সেনা সদস্যরা। সাঁজোয়া যান কায়রোর রাস্তায় অবস্থান নেয় এবং প্রেসিডেন্ট মুরসিকে তার প্রাসাদে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়।
Photo: Aljazeera
তাহরির চত্বরে গত চার দিন ধরে তাদের আন্দোলনের পর সেনাবাহিনীর এই পদক্ষেপ এলো। প্রেসিডেন্ট মুরসিকে পদত্যাগের জন্য বুধবার বিকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সেনাবাহিনী।
অবশ্য মুরসি মঙ্গলবার রাতে দেয়া টেলিভিশন ভাষণে পদত্যাগের দাবি নাকচ করে দেন। নিজের জীবনের বিনিময়ে হলেও ‘গণতন্ত্র ও সাংবিধানিক ন্যায়বিচার’ অক্ষুন্ন রাখার ঘোষণা দেন তিনি।
বুধবার সেনাপ্রধানের সংবিধান স্থগিতের ঘোষণার পরপরই মুরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতাদের মালিকানাধীন টেলিভিশন স্টেশনগুলোর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
মুরসির ফেইসবুক পেইজে এক বার্তায় সেনাবাহিনীর বিবৃতিকে প্রত্যাখ্যান করা হয়।
যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন জানিয়েছে, মুরসিসহ ব্রাদারহুডের শীর্ষ নেতাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেনাবাহিনী।
২০১১ সালে এই তাহরির চত্বর থেকেই পুরো মিশরে তরুণ-যুবাদের আন্দোলন ছড়িয়ে পড়ে, যা পুরো বিশ্বে পরিচিতি পায় আরব বসন্ত নামে। ওই আন্দোলনেই মিশরে হোসনি মোবারকের তিন দশকের স্বৈরশাসনের পতন ঘটে।
মুবারকের পতনের পর ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেন তানতাবির নেতৃত্বে সামরিক পরিষদ মিশরের ক্ষমতা গ্রহণ করে। এরপর দুই দফা নির্বাচনের মধ্যে দিয়ে গত বছর জুনে সরকার গঠন করে ফ্রিডম অ্যান্ড জাস্টিজ পার্টি। মিশরের দীর্ঘ ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন মুরসি।
এদিকে সরকারের এক বছর না পেরুতেই বিনিয়োগে খরা, মূল্যস্ফীতি ও জ্বালানী সঙ্কটে তরুণদের মধ্যে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে।
৩০ জুন প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে লাখ লাখ মানুষ মিশরজুড়ে বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার বিকেলের মধ্যে মুরসির পদত্যাগের সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।বিক্ষোভের সময় সহিংসতায় দেশজুড়ে অন্তত ২৫ জন নিহত হন।
এরইমধ্যে ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় সরকারবিরোধীরা। পরিস্থিতি বিবেচনায় মুরসির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ব্রাদারহুড বহির্ভূত ছয় মন্ত্রী। সরকারবিরোধী আন্দোলনে স্থবির হয়ে পড়ে মিশর।
এরপর মিশরের সেনাবাহিনীও প্রেসিডেন্ট মুরসিকে বিরোধী দলগুলোর সঙ্গে আপোস রফার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। ওই সময় শেষ হওয়ার পর টেলিভিশনে জেনারেল আল-সিসির সংবিধান স্থগিতের ঘোষণা আসে।
