২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে টেলিভিশন ভবন সেনাবাহিনীর দখলে

মিশরের প্রেসিডেন্ট মুরসিকে ‘সঙ্কট সমাধানে’ বেঁধে দেয়া সময় শেষ হওয়ার আগেই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের দখল নিয়েছে সেনা সদস্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

এদিকে মুরসি বিরোধী আন্দোলনকারীরা বুধবার রাতেও সেনাবাহিনীর ঘোষণার অপেক্ষায় তাহরির স্কয়ারে অবস্থান নিয়ে আছে। তবে পরিস্থিতি নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি সেনাবাহিনী।

বিবিসি জানিয়েছে, সেনাবাহিনী সঙ্কটন সমাধানে সময়সীমা বেধে দিলেও প্রেসিডেন্ট মুরসি তা নাকচ করে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন মঙ্গলবার রাতে। নিজের জীবনের বিনিময়ে হলেও ‘গণতন্ত্র ও সাংবিধানিক ন্যায়বিচার’ অক্ষুন্ন রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

তার ওই বক্তব্যের পর রাষ্ট্রীয় টেলিভিশনের দখল নেয় সেনাবাহিনী। ওই ভবনের গুরুত্বপূর্ণ কিছু কর্মকর্তা ছাড়া বাকি সবাইকে সেখান থেকে বের করে দেয়া হয়।

এই পরিস্থিতিতেও প্রেসিডেন্ট মুরসি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে সমঝতার কথা বলেছেন।

এদিকে প্রেসিডেন্টের মুখপাত্র ইয়াসের হাদ্দারা বলছেন, মুরসি বুধবার কায়রোতে রিপাবলিকান গার্ডের একটি কম্পাউন্ডে অন্যান্য দিনের মতোই অফিস করেছেন। তিনি কম্পাউন্ড থেকে প্রেসিডেন্ট প্রাসাদে যেতে পারবেন কিনা, অথবা বৃহস্পতিবার অফিস করবেন কিনা নিশ্চিত করতে পারেননি তিনি।

বুধবার সেনাবাহিনী মিশরের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে। তবে ওই বৈঠকে মুরসির দল ফ্রিডম অ্যান্ড জাস্টিজ পার্টির কোনো সদস্য যোগ দেননি।

এদিকে সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি বুধবার ঊর্ধতন সেনা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে মুরসি পরবর্তী সরকার ব্যবস্থার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সেনাবাহিনীর বৈঠকে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের ছক, নতুন সংবিধান ও সংসদ বিলুপ্তি নিয়ে আলোচনা হয়েছে। মুরসি বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী তামারুদ মুভমেন্টের সদস্যরা ওই বৈঠকে যোগ দেন।

তবে এ ধরনের মধ্যস্ততার পরিকল্পনা করার কোনো অধিকার সেনা বাহিনীর নেই বলে মন্তব্য করেছেন মুরসির মুখপাত্র হাদ্দারা।

কায়রো থেকে বিবিসির প্রতিনিধিরা জানিয়েছেন, রাজপথে সেনাবাহিনীর সাজোয়া যানের সংখ্যা বেড়েছে।