২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সেনা অভ্যুত্থান: ওবামার মৌন সমর্থন

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসি বুধবার সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি এ অভ্যুত্থানের নিন্দা করেননি বা এতে দেশটিতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধেরও কোনো ইঙ্গিত দেননি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Jul 2013, 06:17 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

মিশরে নাটকীয়ভাবে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজে শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর লিখিত এক বিবৃতি দেন ওবামা।

বিবৃতিতে ওবামা বলেন, “যুক্তরাষ্ট্র খুব নিবিড়ভাবেই মিশরের নাজুক অবস্থা পর্যবেক্ষণ করছে। আমরা বিশ্বাস করি মিশরের ভবিষ্যৎ চূড়ান্ত অর্থে তার জনগণের দ্বারাই নির্ধারিত হবে। কিন্তু এরপরও মিশরের প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতে সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত এবং দেশটির সংবিধান স্থগিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

দেশটির সেনাবাহিনীর এই পদক্ষেপ যদি অভ্যুত্থান হয়ে থাকে তবে যুক্তরাষ্ট্র মিশরের সশস্ত্র বাহিনীকে দেয়া সহায়তা বন্ধ করে দেবে বলেও বিবৃতিতে বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার পর্যালোচনা সাপেক্ষে বিবেচিত হবে।

এক প্রতিবেদন থেকে জানা গেছে, মিশরের সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুডের ৩শ’ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ওবামার বিবৃতিতে এই বিষয়টির ইঙ্গিত করে মিশরের সেনাবাহিনীর প্রতি প্রেসিডেন্ট মুরসি ও তার সমর্থকদের বিচারবহির্ভূত গ্রেপ্তার এড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, “আমি এখন মিশরের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দায়িত্বশীলতার সঙ্গে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পূর্ন কর্তৃত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেয়া হোক।”

ওবামার এই বিবৃতির কিছু সময় আগেই মিশরের সেনা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সংবিধানও স্থগিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মুরসির সমালোচনা করলেও সেনা পদক্ষেপ প্রত্যাখ্যান করে প্রকাশ্য কোনো ঘোষণা বা ইঙ্গিত দেয়নি।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার কোনো আইনি কর্তৃত্ব সেনাবাহিনীর রয়েছে কি না এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পাসাকি বলেন, “আমরা কোনো পক্ষ নিচ্ছি না।”

ফলে মিশরের সেনা অভ্যুত্থানের এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় এটাই ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন সম্ভবত রাজনৈতিক অচলাবস্থায় স্থবির হয়ে যাওয়া দীর্ঘদিনের মিত্র দেশটির অবস্থার পরিবর্তনে সেনা অভ্যুত্থানকে মেনে নিতে ইচ্ছুক।

মুরসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাল যাচ্ছিল না। সম্প্রতি তিনি ওবামা প্রশাসনের ব্যাপক সমালোচনারও মুখোমুখি হয়েছিলেন। এসব কিছু দৃষ্টে এই সমালোচনা শুরু হতে পারে যে, ওবামা আরববিশ্বে গণতন্ত্র সমর্থন করেন না।

আর ইতোমধ্যে মিশরের সেনাবাহিনী দেশটির নেতৃস্থানীয় মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের সমর্থনে নির্বাচনের পরিকল্পনা ও সংবিধান পর্যালোচনার ঘোষণা দেয়ায় তাদের ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ওয়াশিংটনের সমর্থন পেয়ে যেতে পারে।

বিবৃতিতে ওবামা বলেন, “প্রতিবন্ধকতা না পাড়ি দিয়ে কোনো গণতান্ত্রিক উত্তরণ ঘটে না। কিন্তু সবশেষে তা জনগণের সঠিক ইচ্ছার ওপরই টিকে থাকে।”