লন্ডন দূতাবাসে গোপন মাইক্রোফোন পেয়েছে ইকুয়েডর
ইকুয়েডর লন্ডনে তাদের দূতাবাসে একটি গোপন মাইক্রোফোন পেয়েছে বলে জানিয়েছে। যেখানে আশ্রয় নিয়ে আছেন আলোচিত ওয়েবসাইট উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
এটি কার নিয়ন্ত্রণে আছে তা বুধবার জানানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাটিনো।তিনি বলেন, যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত এনা আলবানের কার্যালয়ে মাইক্রোফোনটি পাওয়া গেছে।
আলবান গত ১৬ জুন অ্যাসাঞ্জের সঙ্গে বৈঠক করতে যাওয়ার সময় এটির সন্ধান পাওয়া যায়।দূতাবাসের ভেতরেই একটি কক্ষে অ্যাসাঞ্জ অবস্থান করছেন।
মঙ্গলবার পাটিনো কুইটোয় এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের লন্ডন দূতাবাসে একটি গোপন মাইক্রোফোন পাওয়া গেছে।”
এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনের পররাষ্ট্র দপ্তর।আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র বলেছেন, তিনি এধরনের নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো মন্তব্য করবেন না।
যুক্তরাষ্ট্রের অসংখ্য গোপন দলিল ফাঁস করার পর এক বছরেরও বেশি সময় ধরে অ্যাসাঞ্জ ইকুয়েডরের এই দূতাবাসের আশ্রয়ে আছেন।
সুইডেনে তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযুগের মুখে ওই দেশে বিচার এড়াতে তিনি এ দূতাবাসে অবস্থান নেন।বিচারের জন্য সুইডেনে গেলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে বলে আশঙ্কা অ্যাসাঞ্জের।
