২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মন্ত্রীদের পদত্যাগে একঘরে মুরসি

মিশরে মন্ত্রীদের একের পর এক পদত্যাগে একঘরে হয়ে পড়ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের পর রোববার থেকে পররাষ্ট্রমন্ত্রী কামাল আমরসহ এরই মধ্যে পদত্যাগ করেছেন ৬ মন্ত্রী। মঙ্গলবার সর্বশেষ পদত্যাগ করেছেন মুরসির মুখপাত্র এহাব ফাহমিসহ মন্ত্রিসভার মুখপাত্র আলা আল-হাদিদিও।

সোমবার মিশরের পর্যটন, পরিবেশ, যোগাযোগ ও আইন বিষয়ক মন্ত্রী পদত্যাগপত্র জমা দেন।এরপরই পদত্যাগপত্র জমা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কামাল আমর। সরকার-বিরোধী চলমান আন্দোলনের মুখে তিনি এ পদত্যাগপত্র জমা দিলেন।

মঙ্গলবার সর্বশেস মন্ত্রিসভার মুখপাত্র আলা আল-হাদিদি পদত্যাগ করেছেন।তাছাড়া, মুরসির মুখপাত্রও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। মিশরে প্রবল আন্দোলনের মুখে সর্বশেষ এ দু’জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করলেন।

মিশরের পুরো মন্ত্রিসভাই পদত্যাগ করেছে বলেও খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম। তবে তা অস্বীকার করেছে মিশর সরকার।
গত দুদিনে পদত্যাগ করা মন্ত্রীরা ক্ষমতাসীন ব্রাদারহুডের সদস্য নন বলে জানিয়েছে রয়টার্স।

মিশরে কয়েকদিনের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ সমাবেশের পর সংঘর্ষ ও হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনী সোমবার সঙ্কট সমাধানে সরকার ও বিরোধী রাজনৈতিক নেতাদেরকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলে,জনগণের দাবি পূরণ না হলে তারা সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। কিন্তু সেনাবাহিনীর এ বিবৃতি প্রত্যাখ্যান করেছেন মুরসি।এ আল্টিমেটাম দেয়ার আগে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

তবে সেনাবাহিনীর এ আল্টিমেটামের আগে বিক্ষোভকারীরা মুরসিকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল। সে সময়সীমা শেষ হয়ে আসতে থাকায় আবার নতুন করে রাস্তায় বিক্ষোভে জড়ো হচ্ছে মুরসির সমর্থক ও বিক্ষোভকারীরা।

সময়সীমার মধ্যে মুরসি পদত্যাগ না করলে সরকার বিরোধীরা বিশেষ করে তামারোদ বা বিদ্রোহী গ্রুপ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরুর হুমকি দিয়েছে।