২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় আশ্রয়ের আবেদন প্রত্যাহার স্নোডেনের

মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থানরত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার কাছে করা রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

স্নোডেন একযোগে ২১ টি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন বলে আগে এক খবরে জানিয়েছিল উইকিলিক্স।এ দেশগুলোর মধ্যে ছিল চীন, ফ্রান্স, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা, রাশিয়া এবং নরওয়ে।


কিন্তু পরে তিনি রাশিয়া থেকে আশ্রয়ের আবেদন প্রত্যাহার করলেন।ক্রেমলিন তাকে আশ্রয় দেয়ার জন্য শর্ত জুড়ে দেয়ায় স্নোডেন আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।বিবিসি এ খবর দিয়েছে।


স্নোডেন রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোষারোপ করেছেন।


পাশাপাশি মার্কিন সরকারের আড়িপাতা ও গুপ্তচরবৃত্তির আরো তথ্য প্রকাশ করে দেয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার কাছে লেখা এক চিঠিতে স্নোডেন লিখেছেন, "সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে এমন তথ্য প্রকাশের ব্যাপারে আমি স্বাধীন।"


তিনি আরো লেখেন, “আর কতোদিন বাঁচবো তা মোটেও কোনো ব্যাপার নয় কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এ অসম বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব।”


মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনএসএ)’র টেলিফোন ও ইন্টারনেটে ব্যাপক আড়িপাতার ঘটনা ফাঁস করেন ৩০ বছর বয়সী স্নোডেন।এরপর তিনি হংকং চলে যান এবং সেখান থেকে পরে রাশিয়ায় পাড়ি জমান।


স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সরকারি সম্পত্তি তছরুপের কয়েকটি অভিযোগ এনে গ্রেপতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র। তাকে ফিরিয়ে দেয়ার জন্য চাপও সৃষ্টি করে আসছে ওয়াশিংটন।