২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পাল্টাপাল্টি বিক্ষোভ, ‘গৃহযুদ্ধের’ শঙ্কা

ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় মিশরে প্রেসিডেন্ট মুরসির সমর্থক ও তার বিরোধীরা পরস্পর বিরোধী অবস্থান নিয়ে নতুন করে রাজপথে নেমে এসেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

কড়া নিরাপত্তার মধ্যেই মিশরের রাজধানী কায়রোর রাস্তায় শুক্রবার পাল্টাপাল্টি বিক্ষোভ শুরু করেছে সরকার সমর্থক ও বিরোধীরা।

শুক্রবার কায়রোয় মুসলিম ব্রাদারহুডের সমাবেশ শুরুর আগে দলটির কেন্দ্রীয় কর্যালয়ের সামনেই তাদের এক প্রদেশিক নেতা খুন হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

সংঘাতময় অবস্থা ‘গৃহযুদ্ধে’ রূপ নিতে পারে বলে সতর্ক করে উভয় পক্ষেকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ।

একইদিনে নাসার এলাকায় মুরসির হাজার হাজার সমর্থক তার ক্ষমতার গ্রহণের বর্ষপূর্তির দুই দিন আগেই রাজপথে মিছিল বের করেছে। মুরসি বিরোধীরাও বর্ষপূর্তিকে সামনে রেখে কায়রোর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

পরিস্থিতির কারণে মিশরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরস্পর বিরোধী উত্তেজনা দেশটিতে স্পষ্টত বড় ধরনের বিভক্তিরই ইঙ্গিত দিচ্ছে।

আগামী রোববার মুরসির ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তিতে তার পদত্যাগ ও আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী পক্ষ। তবে এর দুইদিন আগে থেকেই মুরসির সমর্থকরা রাজপথ দখলে রেখেছে।

শুক্রবার নাসার সিটির অদূরে রাব্বা আল আদাবিতে মুরসির সমর্থক অন্যান্য ইসলামপন্থী দলগুলোর কর্মীরাও জড়ো হয়। প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের বিষয়ে বিরোধী পক্ষের দাবির বিরুদ্ধে তার ক্ষমতায় থাকার ‘বৈধতা’ আছে বলে রব তোলে মুরসির পক্ষের মিছিল-সমাবেশ কারীরা।

ওদিকে, ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে মুরসি বলেন- এধরনের বিভক্তি দেশকে ‘পঙ্গু’ করে দেবে।

মিশরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হুসনি মুবারকের পর গত বছর ৩০ জুনের অবাধ নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন পশ্চিমা শিক্ষায় শিক্ষত মুহাম্মদ মুরসি। ধর্মভিত্তিক দল মুসলিম ব্রাদার হুডের শীর্ষ এই নেতা দেশটির প্রথম ইসলামপন্থি প্রেসিডেন্ট।

তার ক্ষমতা গ্রহণের প্রথম বছরটি কেটেছে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও পতনশীল অর্থনীতি মোকাবেলায়।

বক্তব্যে বাক স্বাধীনতার অপব্যবহার করা থেকে বিরত থাকতে গণমাধ্যমকে আহ্বান জানান মুরসি।

অবশ্য তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাতে দেশটির আল-ফারিন টিভি চ্যানেলের একটি টক শো বন্ধ করে দেয়া হয়েছে। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে টকশোর উপস্থাপক তাওফিক ওকাসাকে গ্রেপ্তার এবং ওই টিভি চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়।

এছাড়া, রাষ্ট্রায়ত্ব টিভির আরেকজন খ্যাতনামা উপস্থাপক তার সম্পাদকীয় নীতিতে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেছেন।

ওদিকে, রোববার প্রেসিডেন্ট প্রাসাদের দিকে বিক্ষোভকে সামনে রেখে শুক্রবারই কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হতে শুরু করেছে মুরসি বিরোধীরা।

উত্তেজনা প্রশমনে মুরসির সংলাপের প্রস্তাবও নাকচ করে দিয়েছে প্রধান বিরোধী জোট।
এক বিবৃতিতে ন্যাশনাল সালভেশন ফ্রন্ট জানিয়েছে, “আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে তারা
অনঢ় রয়েছে।”

শুক্রবার বিক্ষোভ শুরুর কয়েকঘণ্টা আগে ব্রাদার হুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এক প্রদেশিক নেতা খুন হয়েছেন।

হত্যাকাণ্ডের জন্য বিরোধী পক্ষকে দায়ী করছে জাস্টিস পার্টি।