২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনের আশ্রয়: সিদ্ধান্ত নিতে মাস পেরুতে পারে

ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন এখোনো মস্কোর শেরেমেতায়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় রয়েছেন। তবে বুধবার ইকুয়েডর জানিয়েছে, তার আশ্রয় প্রার্থনার বিষয়ে সিদ্ধান্ত নিতে মাস খানেক সময় লেগে যেতে পারে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jun 2013, 06:26 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এরআগে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেন স্নোডেন দেশটির বিমানবন্দরেই রয়েছেন এবং তিনি স্পষ্টতই স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, স্নোডেন অবাধে বিমানবন্দর ত্যাগ করতে পারেন।তিনি যত তাড়াতাড়ি গন্তব্য ঠিক করবেন ততই মঙ্গল।

তবে রাশিয়া থেকে অন্যকোথাও চলে যাওয়ার জন্য বুধবার পর্যন্ত স্নোডেন নাম তালিকাভুক্ত করেননি।
শেরেমেতায়েভো বিমানবন্দরের বিমান পরিচালনা কর্তৃপক্ষের প্রতিনিধি জানিয়েছেন, “আজ (বুধবার) তারা কোথাও যাচ্ছেন না, এমন কি আগামী তিনদিনও কোথাও যাচ্ছেন না।”

উইকিলিকস ওয়েবসাইট এর ব্রিটিশ আইনজীবী সারাহ হ্যারিসন এ সফরে স্নোডেনের সঙ্গে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বুধবার বলেন, “স্নোডেন সংবাদমাধ্যমে যেসব তথ্য ফাঁস করেছেন তা ‘গুরুতর নিরাপত্তা লঙ্ঘণ’ যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

তিনি স্নোডেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য মস্কোর প্রতি পুনর্বার আহ্বান জানান।

তিনি বলেন, “রাশিয়ানরা এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবে বলে আমি আশা করছি।”

রাশিয়ার আইন অনুযায়ী ভ্রমণকারীরা বিমানবন্দরের ট্রানজিট এলাকায় ২৪ ঘণ্টার কিছু বেশি সময় অবস্থান করতে পারেন যা ইতোমধ্যে স্নোডেন পার করে ফেলেছেন। আর ট্রানজিট ভিসা সংগ্রহ সাপেক্ষে কোনো বিশেষ ক্ষেত্রে তিনদিন অবস্থান করা যেতে পারে।

তবে এটা পরিষ্কার নয়, স্নোডেন ট্রানজিট ভিসা পেয়েছেন কি না। তবে পেলেও সেই সময়ও অতিবাহিত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র রোববার জানিয়েছে, তারা স্নোডেনের পাসপোর্ট বাতিল করেছে।

নানা ধরনের ব্যক্তি, বিশেষ করে শরণার্থীরা মস্কো বিমানবন্দরে কয়েকমাস অবস্থান করতে পারে। ফলে এ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, এটি দীর্ঘসূত্রিতার দিকে অমীমাংসিত একটি অবস্থার দিকে যাচ্ছে যা যুক্তরাষ্ট্র-রাশিয়ার মিত্রতার জন্য সাংঘর্ষিক হয়ে উঠতে পারে।

যদিও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বহিঃসমর্পণ চুক্তি নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, এক্ষেত্রে অথ্যাৎ স্নোডেনকে হস্তান্তরের ব্যাপারে তাদের পরিষ্কার আইনি ভিত্তি রয়েছে।

বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা এ ব্যাপারে আলোচনা করছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

মস্কো বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্নোডেন রোববার বিকালে হংকং থেকে মস্কোয় অবতরণ করেন।

ওই দিনই তার কিউবার রাজধানী হাভানার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কোনো টিকেট ব্যবহার করেননি। স্নোডেন ভেনেজুয়েলায় যাওয়ার ফ্লাইটে উঠবেন এমন মনে করা হলেও শেষ পর্যন্ত তাও হয়নি।