২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত ম্যান্ডেলা

প্রিটোরিয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার রোগমুক্তির কামনায় সামিল হচ্ছে অগণিত ভক্ত।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্খীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী।

ম্যান্ডেলার সুস্থতা কামনা করে এক ভক্তের বার্তায় লেখা হয়, “আমরা জানি তার চিরবিদায় নেয়ার দিনটি আসবে।কিন্তু এটা মেনে নেয়া কষ্টকর।”

“তিনি আমাদের দাঁড়িয়ে থাকার স্তম্ভ।শান্তি আর সম্প্রীতির স্তম্ভ,” লেখা হয় আরেকটি বার্তায়।

ম্যান্ডেলার জন্য ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আরেক ভক্তের উক্তি, “তিনি আমাদের জন্য যীশু খ্রীস্টের মতো।তার সোনার হাত।ম্যান্ডেলা যে কষ্ট ভোগ করেছেন তার জন্য কখনো প্রতিশোধ না নিয়ে বরং বলেছেন আসুন আমরা এক হয়ে যাই,”।

“দক্ষিণ আফ্রিকান এবং আফ্রিকানদের জন্য কঠিন সময় যাচ্ছে।প্রবীণ এই মানুষটা একজন আইকন,” বলেন, আরেক ভক্ত।

ওদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলার বন্দনাগীতি গেয়ে জোহান্সবার্গে জাতীয় শিক্ষা, স্বাস্থ্য ও সম্মিলিত শ্রমিক ইউনিয়নের এক সম্মেলন উদ্বোধন করেন বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ আফ্রিকা সরকার মঙ্গলবার জানায়, ম্যান্ডেলার শারিরীক অবস্থা এখনো ‘গুরুতর’ ।

দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে (৯৪) চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে তৃতীয় দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

৮ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার অবস্থা রোববার সঙ্কটাপন্ন বলে জানান দক্ষিণ জ্যাকব জুমা।এরপর মঙ্গলবার তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয় সরকার পক্ষ থেকে।

ম্যান্ডেলাকে সারিয়ে তোলার জন্য ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। অবিসংবাদিত এই নেতার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই, ওমতাতার মুভিজোর এক গ্রামে।

কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। সে সময় উন্মুক্ত খনিতে কাজ করার সময় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়।

১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।