মস্কো বিমানবন্দরে কয়েকদিন থাকছেন স্নোডেন
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন বুধবারও মস্কোর শেরেমেতায়েভ বিমানবন্দরে লুকিয়ে আছেন।আগামী তিন দিনের কোনো ফ্লাইটে তিনি সিট বুকিংয়ের আবেদন করেননি বলেও জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এরোফ্লট এর একজন কর্মকর্তা।
গত রোববার হংকং থেকে রাশিয়ায় পাড়ি জমান স্নোডেন, যাকে ফেরত দেয়ার জন্য হংকংকে চাপ দিয়েছিল ওবামা প্রশাসন। তবে তাকে ফিরে পাওয়ার আহ্বান যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় ছিলো না দাবি করে তা নাকচ করে দেয় হংকং।
পরে রাশিয়ার কাছে স্নোডেনকে ফিরিয়ে দেয়ার জোর দাবি তুলেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটির প্রেসিডেন্ট পুতিন স্পষ্টতই স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবেন না বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ নাগরিকদের ইন্টারনেট যোগাযোগ মাধ্যমে হস্তক্ষেপ করে সেখান থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে- এমন গোপন খবর ফাঁস করার পর হংকংয়ে পাড়ি জমান ৩০ বছর বয়সী এডওয়ার্ড স্নোডেন, যিনি নিজেও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’তে কর্মরত ছিলেন।
যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করেছে। দোষী সাব্যস্ত হলে মামলায় তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন জানান, তিনি (স্নোডেন) এখন বিমান বন্দরের ট্রানজিট এলাকায় আছেন, সুতরাং তাকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করা সম্ভব না।
স্নোডেন ও তার আইনজীবী সারাহ হ্যারিসন বিমানবন্দর ছাড়ছেন কিনা এমন প্রশ্নের জবাবে শেরেমেতায়েভ বিমানবন্দরে এয়ারফ্লটের একজন প্রতিনিধি রয়টার্সকে বলেন, “তারা আজকে যাচ্ছেন না, আগামী তিনদিনেও যাওয়ার সম্ভাবনা নেই।”
স্নোডেনকে বিমানবন্দরে জনসম্মুখে একবারো দেখা যায়নি। তবে বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বিমান বন্দরেই আছেন। ইকুয়েডরে পাঠানো একটি রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সাড়া পাওয়ার অপেক্ষা করছেন তিনি।
যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের কাছে স্নোডেনকে পাওয়া মাত্র গ্রেপ্তারের অনুরোধ জানানোর কারণে তাদের বিকল্প কোনো ফ্লাইট ধরার সম্ভাবনাও কম।
