চীনের ৩ নভোচারীর নিরাপদ প্রত্যাবর্তন
১৫ দিনের মহাকাশ পরিভ্রমণ শেষে চীনের ৩ নভোচারী একটি ক্যাপসুলে করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। শেনঝু-১০ মহাকাশ যানে করে ওই নভোচারীরা চীনের তিয়ানগঙ্গ-১ মহাকাশ গবেষণাগার ভ্রমণ করেন।
নভোচারী ওয়াং ইয়াপিং পৃথিবীতে ফিরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
শেনঝু-১০ চীনের মনুষ্যবাহী পঞ্চম মহাকাশ মিশন। ১০ বছর আগে চীন প্রথম মহাকাশে মনুষ্যবাহী নভোযান প্রেরণ করে।
দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেখা যায়, ৩ নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে মঙ্গোলীয় অঞ্চলের একটি বিস্তৃর্ণ তৃণভূমিতে অবতরণ করছে।
নভোচারীরা নিরাপদে পৃথিবীতে পৌঁছানোর সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে মিশনটির নিয়ন্ত্রণ কক্ষে আনন্দের বন্যা বয়ে যায়।
মিশনটির কমান্ডার নেই হাইসেঙ সকাল ৯টা ৩১ মিনিটে প্রথম ক্যাপসুলটি থেকে বের হয়ে আসেন। তার পেছনে পেছনে বের হয়ে আসেন অপর দুই নভোচারী ওয়াঙ ইয়াপিং ও জেঙ্গ সিয়াওগুয়াঙ।
ক্যাপসুল থেকে বের হয়ে আসার আগে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে নভোচারীদের কিছুটা সময় লাগে বলে চীনের সংবাদমাধ্যম জানিয়েছে।
চীন মানুষসহ স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
