উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহতের শঙ্কা
ভারতের বন্যা কবলিত উত্তরাখণ্ডের গৌরিকুণ্ড এলাকার কাছে মঙ্গলবার উদ্ধারকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারে ২০ জন যাত্রী ছিলো এবং এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে এখন পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের পাঁচ জন ক্রু এবং তিন জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ভারতের বিমান বাহিনী।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আধা-সামরিক বাহিনীর কর্মকর্তারাও ওই হেলিকপ্টারে ছিলেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
সন্ধ্যায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ীই উদ্ধার কাজ চলবে।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নজিরবিহীন বন্যায় ব্যাপক প্রাণহানী হয়েছে। এরমধ্যে গৌরিকুণ্ড এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে ৮শ’রও বেশি মানুষ। তবে এ সংখ্যা আরো অনেক বেশি বাড়বে বলে আশঙ্কা ক্রমেই জোড়ালো হচ্ছে।
আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য বিমান বাহিনীর প্রায় ৬০টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে এখন পর্যনত ৯০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এখনও পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। তাদেরকে উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি সরবরাহ করা হচ্ছে ত্রাণও।
রাশিয়া নির্মিত এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর একজন মুখপাত্র।
