সিরিয়ার যুদ্ধ থামাতে হবে: ব্রাহিমি
সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তিদূত লাখদার ব্রাহিমি মঙ্গলবার বলেছেন, সিরিয়ার যুদ্ধ শেষ করা নিয়ে সম্মেলন পূর্ব পরিকল্পনামত জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।
আর তাই যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে সিরিয়া যুদ্ধের রাশ টেনে ধরতে সহায়তা করার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের আগে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ব্রাহিমি।
এ আলোচনা ফলপ্রসু হবে এমনটিই আশা করছেন বলে জানান ব্রাহিমি।তবে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে একটি সম্মেলন ডাকা নিয়ে সব প্রশ্নের সমাধান বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন তিনি।
ব্রাহিমি বলেন, “সিরিয়া বিষয়ক সম্মেলন জুলাইয়ে হবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। বিরোধীপক্ষ ৪-৫ জুলাইয়ে তাদের বৈঠকের দিন নির্ধারণ করেছে। সুতরাং তারা প্রস্তুত থাকবে বলে মনে হয় না।”
“ওই অঞ্চলের দেশগুলোর সরকার এবং বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকা সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ করবে বলে আমি অত্যন্ত আশাবাদী”, বলেন তিনি।
