বাগদাদজুড়ে গাড়িবোমা হামলায় নিহত ৩৯
ইরাকের রাজধানী বাগদাদজুড়ে সোমবার বেশ কয়েকটি গাড়িবোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছে। বাজার, গ্যারেজ লক্ষ করে শিয়া মুসলিমদের উৎসবকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয় বলে পুলিশ ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বেশ কয়েকটি হামলা চালানো হয় সেই জেলাগুলোতে চালানো হয় যেখানে শিয়ারা তাদের সম্মানিত এক ইমামের জন্মবার্ষিকীর উৎসব পালন করছিল। তাছাড়া শিয়া-সুন্নি উভয় সম্প্রদায় অধ্যুষিত এবং সুন্নি অধ্যুষিত জেলাগুলোতেও হামলার ঘটনা ঘটেছে।
চলতি বছরের শুরু থেকেই ইরাকে হামলা-সহিংসতা বেড়েই যাচ্ছে। শুধু মে মাসেই দেশটিতে জঙ্গি ও বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এ সংখ্যা ২০০৬-০৭ সময়ে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ সাম্প্রদায়িক হামলা-সহিংসতার পর সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে স্থান করে নিয়েছে।
শিয়াদের শক্তঘাঁটি বলে পরিচিত সদর শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়। এতে অনেকে আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।
মধ্যাঞ্চলীয় জেলা কারাদায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। গাড়িদুটির একটি বিস্ফোরিত হয় স্থানীয় গ্যারেজে।
পশ্চিমাঞ্চলীয় জেলা জিহাদে একটি বাজারে পরপর দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটলে ৮ জন প্রাণ হারান।
উত্তরাঞ্চলীয় শহর মসুলের একটি ক্যাফেতে পেতে রাখা বোমায় ৫ জন নিহত হয়।২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দেশটির দায়িত্বভার ইরাকি বাহিনীর হাতে ন্যস্ত করে চলে যাওয়ার পর থেকে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
দেশটির শিয়া প্রধানমন্ত্রী নূরি আল মালিকির বিরুদ্ধে সশস্ত্র বাহিনী ও আইন বিভাগকে ব্যবহার করে ক্ষমতা সুরক্ষিত করার অভিযোগ রয়েছে। এরই অংশ হিসাবে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন সুন্নি নেতাকে গ্রেপ্তার করা হয়।
সুন্নিরা গত ডিসেম্বরে মালিকির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। কিন্তু এই বিক্ষোভ ক্রমশ জঙ্গি কর্মকান্ডের দিকে ধাবিত হয়।
এই অস্থিতিশীল অবস্থায় সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবে ইরাকেও শিয়া-সুন্নিদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা আরো উস্কে উঠেছে।
