২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হামদাল্লাহর পদত্যাগ

দায়িত্ব গ্রহণের পর মাস পার হওয়ার আগেই পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jun 2013, 10:01 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রোববার হামদাল্লাহর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।একইসঙ্গে হামদাল্লাহকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন তিনি।


আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা একথা বলেছেন।


বিতর্কের মুখে ক্ষমতা নেয়ার পনেরো দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন হামদাল্লাহ।


প্রধানমন্ত্রী হওয়ার পর হামদাল্লা মাত্র একবার মন্ত্রিসভার বৈঠক করেন। কিন্তু তার সরকারের বড় কলেবরের মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তোলায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে কর্মকর্তারা জানান।


হামদাল্লার পূর্বসূরি সালাম ফায়েদও ছয়বছর ক্ষমতায় থাকার পর অর্থনৈতিক ঝুঁকি ও ফাতাহ পার্টির কয়েকজন নেতার সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করেন।


হামদাল্লার স্থলাভিষিক্ত হতে পারেন ‘প্যালেস্টিনিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড’ এর প্রধান মুস্তফা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিয়াদ আবু অমর।


জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়া ফিলিস্তিনে ২০০৭ সালে ক্ষমতার ভাগাভাগি নিয়ে ফাতাহ ও ইসলামপন্থী দল হামাসের মধ্যে তুমুল লড়াই হয়। তারপর সেখানে কোনো কার্যকর পার্লামেন্ট বা জাতীয় নির্বাচন হয়নি।