স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অনলাইন নজরদারির বিস্তারিত তথ্য ফাঁস করে হৈ চৈ ফেলে দেয়া এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক বিশেষজ্ঞ স্নোডেন এ মাসের শুরুর দিকে দেশটির গোয়েন্দাদের ফেসবুক, গুগল, স্কাইপসহ বড় বড় ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভার থেকে সরাসরি তথ্য সংগ্রহের খবর প্রকাশ করেন। এতে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। মানুষের ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপের অভিযোগের মুখে পড়ে ওবামা প্রশাসন।
তার বিরুদ্ধে সরকারি সম্পদ চুরি এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে স্নোডেনের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্নোডেনকে হংকং থেকে ফেরত আনার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার।
শুক্রবার সকালে সর্বপ্রথম স্নোডেনের বিরুদ্ধে মামলার খবর জানায় ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, স্নোডেনকে আটক করার জন্য হংকংকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, হংকংয়ের একটি দৈনিক জানিয়েছে, সেখানে পুলিশের তত্ত্বাবধানে আছেন স্নোডেন, যার জন্য একটি নিরাপদ বাসভবনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা বিশেষজ্ঞের জন্য
