‘সিরিয়ার জন্য জিহাদি’ নিয়োগ: স্পেনে গ্রেপ্তার ৮
স্পেনে সিরিয়া ও অন্যান্য জায়গার জন্য জিহাদি যোদ্ধা নিয়োগ করতে গিয়ে ৮ জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সকালে পুলিশ কেউটা এলাকায় তল্লাশি চালিয়ে জিহাদি যোদ্ধা জোগাড়ের সন্দেহে তাদেরকে আটক করে।
স্পেনের গণমাধ্যম জানিয়েছে, আটক ৮ জনের সবাই স্পেনের নাগরিক।
তারা লড়াইয়ে যোদ্ধা হিসাবে যোগ দিতে ইচ্ছুক জিহাদিদের অর্থ ও প্রশিক্ষণ দেয়াসহ সিরিয়া সফরের সুযোগ করে দিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
স্পেনের পুলিশ বলছে, স্প্যানিশ নর্থ আফ্রিকান অঞ্চল কেউটা এবং মরক্কোর এফনিদেক শহর পর্যন্ত বিস্তৃত ছিল তাদের নেটওয়ার্ক।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী লর্জ ফার্নান্দেজ দিয়াজ এ গ্রেপ্তার অভিযানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় ধরনের ধাক্কা বলে বর্ণনা করেছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-কায়েদা নেটওয়ার্কের হয়ে সিরিয়ার যুদ্ধে অংশ নিতে এরই মধ্যে কেউটা থেকে বহু মানুষ সিরিয়ায় চলে গেছে। এদের অনেকের বয়স ১৮ বছরের কম।
