মের্কেলের সমালোচনার জেরে তুর্কি দূতকে তলব
জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে।তুরস্ক সরকারের এক মন্ত্রী জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সমালোচনা করার পর এর প্রতিবাদ জানাতেই এ পদক্ষেপ।
তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভ কঠোর হাতে দমন করার অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নে(ইইউ) দেশটির প্রবেশের আলোচনা আটকে দেয় জার্মানি।তুরস্কের কঠোর দমনাভিযানে ‘মর্মাহত’ বলে মন্তব্য করেন আঙ্গেলা।
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আঙ্গেলার সমালোচনা করে তুরস্কের ইইউ বিষয়ক মন্ত্রী এগেমেন বাগিস সাংবাদিকদের বলেন, “ চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল আলোচনার মধ্য দিয়ে তুরস্কের ইইউ’য়ে প্রবেশের নতুন অধ্যায় আটকে দিচ্ছেন। তার নির্বাচনী প্রচারণায় তিনি এ বিষয়টিকে কাজে লাগাতে চান”।
‘তুরস্কের মন্ত্রীর এ মন্তব্য মেনে নেয়া যায় না’ বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।বিষয়টি নিয়ে কথা বলার জন্য বার্লিনে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে বিকালের দিকে ডেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র রাষ্ট্রদূতদের এক বৈঠকে আগামী সপ্তাহে এ আলোচনার পরিকল্পনা ছিল। ইইউভুক্ত অনেক দেশই দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ তুরস্ককে তাদের জন্য সম্পদ বলে মনে করে।
কিন্তু জার্মানি তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভ দমন করা নিয়ে বিরূপ মন্তব্য করে দেশটির ইইউ এ প্রবেশের প্রথম ধাপই আটকে দিতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে জার্মান সরকারের উপ মুখপাত্র বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন, “জার্মান সরকার কিংবা চ্যান্সেলর কেউই কোনোভাবেই ইইউ এ তুরস্কের প্রবেশের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে না। তুরস্ক ইইউ এ প্রবেশ করবে কিনা বা কিভাবে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে তা নিয়ে আমরা কথা বলছি না।”
