২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকরা ‘পর্নো ব্যবসায়‘ জড়িত, বললেন মমতা

আবার বেফাঁস মন্তব্য করে সবাইকে তাজ্জব করলেন পশ্চিম বঙ্গের আলোচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিম বঙ্গের এক সংবাদ চ্যানেলে মুখ্যমন্ত্রীর সমালোচনাকারীদের ‘পর্নোগ্রাফির সঙ্গে জড়িত লোকজন’ বলে অভিযোগ করলেন তিনি।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 03:56 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানে এক জনসভায় দেওয়া ভাষণে মমতা সংবাদ চ্যানেলের টক শো’র সমালোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

তিনি বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে টেলিভিশনে আলোচনাকারীরা নিজেদের সমাজকর্মী বলে দাবী করে কিন্তু তারা শুধুমাত্র অর্থের পেছনে ছোটা মানুষ, এমনকি এদের কেউ কেউ পর্নোগ্রাফির সঙ্গেও জড়িত।

“প্রত্যেক সন্ধ্যায় এই মানুষগুলো একটি-দুটি ধর্ষণের ঘটনা নিয়ে রসালো আলোচনা চালায়। তারা দিনের পর দিন বাংলার মা ও বোনদের অপমান করে আসছে। কিছু ভেঙে পড়া চ্যানেল, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা বাংলার জনগণকে অপমান করছে, বাংলার আত্মাকে অপমান করছে,” বলেন মমতা।

“শিশুরা এমন কিছু জেনে যাচ্ছে যা তাদের জানার কথা নয়। এসব চ্যানেলে কাদের ডাকা হয়? এদের অনেকেই পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। তারা নিজেদের সমাজকর্মী বলে দাবী করে কিন্তু আসলে তারা আসলে অর্থকর্মী,” বলেন তিনি। মমতার এ মন্তব্য রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনীতি বিশ্লেষক ও সুশীল সমাজসহ সব মহলে প্রতিবাদের ঝড় তুলবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। মমতা এমন সময় এ মন্তব্য করলেন যখন একদিন পর শুক্রবার, রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়া ও নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে এবং গত কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কয়েকটি নাগরিক সংগঠন কলকাতার রাস্তায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এসব প্রতিবাদ সমাবেশে অভিনেতা সৌমিত্র চট্টোপধ্যায়, চিত্র পরিচালক মৃণাল সেন, কবি শঙ্খ ঘোষ ও উপন্যাসিক মহাশ্বেতা দেবী অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।