ভারতে বন্যায় হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা
ভারতের উত্তরখণ্ডে তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সরকারি হিসাবে এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর কথা বলা হলেও স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, এ সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।
চার দিন টানা বৃষ্টির পর বর্ষণেষর মাত্রা কিছুটা কমে এলেও সেতু ও সড়ক ভেঙে রাজ্যের বেশিরভাগ এলাকা দুর্গম হয়ে পড়ায় এখনো উদ্ধারের অপেক্ষায় আছেন আটকা পড়া প্রায় ৬৫ হাজার মানুষ।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন।
উপদ্রুত এলাকাগুলোর জন্য ১ হাজার কোটি রুপির ত্রাণের ঘোষণা দিয়ে তিনি তিনি বলেন, "প্রাণহানি আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।”
গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং বন্যায় উত্তরখণ্ডের কেদারনাথ মন্দিরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই তীর্থস্থানে প্রতিবছর লাখ লাখ দর্শনার্থী আসেন।
প্রায় ৫ হাজার পূণ্যার্থী এখনো বিখ্যাত এই মন্দিরের আশেপাশের এলাকায় আটকা পড়ে আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে কেদারনাথের কাছাকাছি এলাকায় দুর্গতদের জন্য ২ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়। এছাড়া যোগাযোগের সরঞ্জাম, ওষুধ এবং খাবার নিয়ে ওই এলাকায় পৌঁছেছেন ৯০ জন সেনা সদস্য।
সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে ২২টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্গতদের খাবার, পানি ও অন্যান্য সহায়তা দিতে ৪০টি ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া আরেক তীর্থস্থান বদ্রিনাথেও একটি নিয়ন্ত্রনকক্ষ খোলা হয়েছে।
