ধোঁয়াশা সহসা কাটছে না সিঙ্গাপুরে
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বনে বেআইনিভাবে আগুন দেয়ার কারণে সিঙ্গাপুরে সৃষ্ট ধোঁয়াশা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লুং এ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ধোঁয়ায় ঢাকা পড়া সিঙ্গাপুরে বায়ুদূষণ বুধবার স্বাস্থ্যহানিকর পর্যায়ে পৌঁছে। পরিবেশদূষণ সূচকে এ বায়ুদূষণ রেকর্ড ছুঁয়েছে।পরিবেশদূষণের সূচক ‘দ্য পলিউশন স্ট্যান্ডার্ড ইনডেক্স’(পিএসআই)এ বায়ুদূষণের মাত্রা ৩৭১ পয়েন্টে পৌঁছেছে।
পিএসআই রিডিং ২০০ পয়েন্ট অতিক্রম করলেই সে পরিস্থিতিকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসাবে ধরা হয়।
এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লুং বলেন, ধোঁয়াশা পরিবেশ বিরাজ করতে পারে কয়েক সপ্তাহ ধরে।এমনকি সুমাত্রায় শুষ্ক মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে পারে।”
বায়ুদূষণ এড়াতে তিনি মানুষজনকে বাড়িতে অবস্থান করা এবং বাইরের কাজ যথাসম্ভব এড়িয়ে চলার পরমর্শ দেন।তাছাড়া, ধোঁয়াশা পরিস্থিতি নিয়ে সরকার দৈনিক সংবাদ সম্মেলন করবে বলেও জানান লুং।
বুধবার স্থানীয় সময় রাত নয়টায় সিঙ্গাপুরে এই সূচক ২৯০ পয়েন্টে পৌঁছায়। এর আগে ১৯৯৭ সালের সেপ্টেম্বরে দেশটিতে এই দূষণের মাত্রা বেড়ে সর্বোচ্চ ২২৬ পয়েন্টে পৌঁছেছিল।
২০০ পয়েন্টের বেশি বায়ুদূষণেই মানুষ হৃদরোগ কিংবা ফুসফুসের জটিলতায় আক্রান্ত হতে পারে। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এ আশঙ্কা আরো বেশি।
বর্তমানে সিঙ্গাপুরে এ রেকর্ড বায়ুদূষণের জন্য কে দায়ী তা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার জাকার্তায় বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দুই দেশের পরিবেশ বিষয়ক কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ায় ব্যবসায়িক উদ্দেশ্যে অবৈধভাবে আগুন দিয়ে বন উজাড় করার কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুষ্ক মৌসুমটিতেই এ কর্মকাণ্ড চলে।
সিঙ্গাপুরের পরিবেশ এবং পানিসম্পদমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণ তার ফেইসবুক পাতায় লিখেছেন, তিনি জার্কাতার কাছ থেকে এ দূষণ রোধে সুনির্দিষ্ট ব্যবস্থা চান।
“সিঙ্গাপুরের জনস্বাস্থ্যহানিকর বায়ুদূষণ ঘটানোর কোনো অধিকার কোনো দেশ কিংবা করপোরেশনের নেই”, বলেন তিনি।
ওদিকে, ইন্দোনেশিয়ার জনকল্যাণ বিষয়ক মন্ত্রী অগাং লাকসোনো বলেছেন, “সিঙ্গাপুর শিশুর মতো আচরণ করছে। এ দূষণ ইন্দোনেশিয়ার কাম্য নয়, এটি প্রকৃতিগত কারণেই ঘটেছে।”
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা সিঙ্গাপুরের কয়েকটি কোম্পানিসহ বিদেশি পাম অয়েল বিনিয়োগকারীদেরকে এ ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী করেছেন।
ধোঁয়ায় সিঙ্গাপুরের ভবনগুলো অন্ধকারে ঢাকা পড়েছে। বাতাসে ছড়িয়ে পড়েছে কাঠ পোড়ার গন্ধ।
