যুক্তরাষ্ট্রকে ভয় পাচ্ছেন অ্যাসাঞ্জ
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগ সুইডেন প্রত্যাহার করে নিলেও লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছেড়ে বের হবেন না তিনি। বের হলে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের হাতে তাকে তুলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন অ্যাসাঞ্জ।
গত শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ তার এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
এক বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ের নামে কার্যত গৃহবন্দি আছেন অ্যাসাঞ্জ। এই বন্দিত্বের বর্ষপূর্তি উপলক্ষে তার ওই সাক্ষাৎকারটি নেয় রয়টার্স।
সাক্ষাৎকারে দূতাবাস থেকে বের হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি, কিন্তু কিভাবে তা হতে পারে তার কোনো সম্ভাবনা দেখাতে পারেননি।
“আমি বলিনি আমি বের হব না,” বলেন তিনি, “কিন্তু আমার আইনজীবীরা আমাকে দূতাবাস ত্যাগ করতে নিষেধ করেছেন, কারণ এতে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি আছে, আর গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের হাতে তুলেও দেয়া হতে পারে।”
তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত সুইডেন বাতিল করলেও তিনি ইকুয়েডর দূতাবাসেই অবস্থান করবেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাসাঞ্জ বলেন, “ঠিক তাই।”
৪১ বছর বয়সী অ্যাসাঞ্জ গত বছর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। যুক্তরাজ্য থেকে সুইডেনে হস্তান্তর ঠেকাতেই এমন করেন তিনি।
কথিত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাসাঞ্জকে সুইডেনে নিতে চায় দেশটির পুলিশ। কিন্তু অভিযোগ অস্বীকার করা অ্যাসাঞ্জের ভয় সুইডেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। সুইডেনের ক্ষেত্রে এমন ঘটনার নজির রয়েছে।
উইকিলিকস ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন গোয়েন্দা তথ্য প্রকাশ করে দিয়ে দেশটির বিরাগভাজন হয়েছেন অ্যাসাঞ্জ। ওইসব নথি ফাঁসের কারণে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন গোয়েন্দা কর্মসূচী ফাঁসকারী মার্কিন নাগরিক এডওয়ার্ড স্নোডেনের প্রশংসা করেন।
উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নথি তুলে দেওয়ার অভিযোগে সেনা আদালতে সেনাবাহিনীর সদস্য ব্রাডলি ম্যানিংয়ের বিচার চলছে।
অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে নিজ দূতাবাসে থাকার অনুমতি দিয়েছে ইকুয়েডর। পুলিশ দিয়ে ঘিরে রাখা দূতাবাস থেকে অ্যাসাঞ্জ বের হলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে রেখেছে যুক্তরাজ্য।
