২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ফের চালু করার আদেশ

সরকারি আদেশে গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইআরটি’ আবার সম্প্রচার শুরু করতে পারবে বলে এক আদেশে জানিয়েছে দেশটির শীর্ষ প্রশাসনিক আদালত তথা রাষ্ট্রিয় পরিষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 04:57 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

ইআরটি‘র কর্মচারী ইউনিয়নের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার আদালত এই আদেশ দেয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

এই আদেশের পাশাপাশি ইআরটি’র পরিবর্তে অপেক্ষাকৃত ছোট একটি গণমাধ্যম চালু করার প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসের পরিকল্পনাও সমর্থন করেছে আদালত।

রাষ্ট্রিয় পরিষদ নামে পরিচিত শীর্ষ প্রশাসনিক আদালতের রায়ে, ইআরটি’র জায়গায় বছরের শেষ দিকে আরেকটি গণমাধ্যম চালুর পরিকল্পনা সমর্থন করা হলেও মধ্যবর্তী সময়ে ইআরটি’র সম্প্রচার অব্যাহত রাখতে বলা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এই অভিযোগে ক্ষুব্ধ শরিকদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সামারাসের বৈঠক চলাকালে আদালতের এই আদেশের খবর আসে।

সরকারের শরিকদলগুলো মধ্যবর্তী সময়ে ইআরটি’র সম্প্রচার অব্যাহত রাখার দাবী তুলেছিল।

গত সপ্তাহে প্রধানমন্ত্রীর ইআরটি বন্ধের সিদ্ধান্তে গ্রিস জুড়ে গণবিক্ষোভ দেখা দেয়।

গত মঙ্গলবার সরকারি জোটের প্রধান শরিক সামারাসের দ্যা কনজারভেটিভ নিউ ডেমক্রেসি জানিয়েছিল, ইআরটি ধারাবাহিক অব্যস্থাপনার শিকার হয়েছে, প্রতিষ্ঠানটিতে স্বচ্ছতা নেই এবং অপচয় রোধ করার চেষ্টাও নেই।

গণমাধ্যমটি বন্ধ করে দেয়ায় এর ২ হাজার ৭শ’ জন কর্মী বেকার হয়ে যায়। সুইচ বন্ধ করে দেয়ার পর দর্শকরা টেলিভিশনের পর্দা কালো হয়ে যেতে দেখেন।

ইআরটি বন্ধ হয়ে যাওয়ার পরও কয়েকজন সাংবাদিক ইন্টারনেটে বিনাঅনুমতিতে সরাসরি সম্প্রচার চালিয়ে যাচ্ছিল। তারা যখন আদালতের আদেশের খবর পেলেন, এক তরুণ সাংবাদিক ঘোষণা করলেন, “কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে ইআরটি’র সম্প্রচার শুরু হবে।”

ইআরটি নিয়ে সৃষ্ট জটিলতায় ক্ষমতাসীন জোটের ঐক্য দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিবিসির আথেন্স প্রতিনিধি।