২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে মুখোমুখি হচ্ছেন ওবামা-পুতিন

উত্তর আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনের ফাঁকে সোমবার সিরিয়া নিয়ে মুখোমুখি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত সিরীয় বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র দেয়ার পশ্চিমাদের পরিকল্পনা নিয়ে পুতিনের ঘোরতর আপত্তির মুখে দু’নেতা এ বৈঠকে বসছেন।

এক বছরের মধ্যে প্রথম এই ব্যক্তিগত বৈঠকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ অবসানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আলোচনার টেবিলে আনতে পুতিনের সহায়তা চাইবেন ওবামা।

সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া হওয়ার কারণে পুতিনের কাছ থেকে এ সহায়তা চাইবেন তিনি।

আসাদ বাহিনী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে।সিরিয়ার বিদ্রোহীদেরকে যুক্তরাষ্ট্র আপাতত যেসব অস্ত্র দেবে তার মধ্যে থাকবে হালকা অস্ত্র, ও গোলাবারুদ।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া বলছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া, সিরিয়ায় উড্ডয়ননিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।