উত্তরখণ্ডে বন্যা ও ভূমিধসে নিহত ১০
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উত্তরখণ্ডে মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছেন ৫০ জনেরও বেশি।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও এনডিটিভি সোমবার এ খবর জানিয়েছে।
দুর্যোগে ভেঙ্গে পড়েছে শতাধিক বাড়িঘর।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যার কারণে এই নিহতের ঘটনা ঘটেছে। এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
রোববার বেশ কয়েকটি সড়কসেতু ভেঙ্গে যাওয়ায় হাজারো পূণ্যার্থী যাত্রাপথে আটকা পড়েছেন।
উত্তরাঞ্চলীয় পাঞ্জাব এবং হরিয়ানাতেও ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। দেশটির কৃষি খাত এই বৃষ্টিপাতের তারতম্যের ওপর অনেকাংশে নির্ভরশীল।
উত্তরখণ্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা পিয়ুস রোটেলা বিবিসিকে জানিয়ছেন, বৃষ্টিতে সবচেয়ে বাজে অবস্থার সৃষ্টি হয়েছে রুদ্রপ্রাগ ও কেদারনাথ অঞ্চলে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পার্বত্য এলাকার একটি দ্বিতল বাড়ি নাটকীয়ভাবে বন্যার পানির তোড়ে ধসে পড়েছে।
দেশটির রাজধানী নয়া দিল্লিতেও ভারী বর্ষণ হয়েছে। সোমবার শহরটির অনেক রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
