‘মানুষের মাংসখেকো যোদ্ধাদের অস্ত্র দেওয়া উচিত নয়’
জি-৮ সম্মেলনে যোগ দিতে ব্রিটেনে আসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার সিদ্ধান্তের বিরোধীতা করে বলেছেন, পশ্চিমাদের উচিত হবে না যারা মানুষের মাংস খায় তাদের অস্ত্র দেয়া।
বেশ কয়েক মাসের সতকর্ বিবেচনার পর গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নার্ভ গ্যাসের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী যুক্তরাষ্ট্রের কথিত “রেড লাইন” অতিক্রম করায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা করে দেশটি।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিদ্রোহীদের পেছনে এক পরাশক্তির উপস্থিতে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এতে সিরিয়ার দীর্ঘ দিনের মিত্র রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের এমন দাবী প্রত্যাখান করে রাশিয়া।
রোববার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধের একটি যৌক্তিক সমাধান খুঁজে বের করতে চায়।
পুতিন বলেন, “ওই ধরনের লোকদের কারো সহায়তা করা উচিত নয় যারা শুধু শত্রুদের হত্যা করেই ক্ষান্ত হয় না, নিহত শত্রুদের শরীর কেঁটে প্রকাশ্যে ক্যামেরার সামনে তাদের নাড়িভূড়িও খেয়ে ফেলে।”
“এরাই সেই মানুষ যাদের আপনারা সহায়তা করতে চান? এদের কাছেই আপনারা অস্ত্র সরবরাহ করতে চান? গত কয়েশ বছর ধরে চলে আসা ইউরোপের মানবিক মূল্যবোধের সঙ্গে এর সম্পর্ক তেমন নেই,” বলেন তিনি।
গত মাসে সিরিয়ার এক বিদ্রোহী কমান্ডার আসাদ পক্ষের এক নিহত সেনার হৃদপিণ্ড খায়, যার ভিডিও বিশ্বের গণমাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। পুতিন তার কথায় সেই ঘটনার ইঙ্গিত করেছেন।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জি-৮ সম্মেলন চলাকালে আসাদের পক্ষ ছাড়তে পুতিনকে বোঝানোর চেষ্টা করবেন।
গত ২৭ মাস ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৯৩ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
