পাকিস্তানে ছাত্রী বহনকারী বাসে হামলাকারী নারী
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ছাত্রীদের বহনকারী বাসটিতে এক নারী আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার সরদার বাহাদুর খান নারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী বাসটিতে ওই হামলা চালানো হয়। পরবর্তী সময়ে হামলায় আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেও জঙ্গিরা হামলা চালায়।
এ দুটি হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন ছাত্রী ৪জন নার্সও রয়েছেন।
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত লস্কর-ই-জাঙ্গভি এই হামলার দায় স্বীকার করেছে বলে দ্য ডন জানিয়েছে।
এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ‘এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ওই বাসটিতে উঠে যেতে সক্ষম হন। এরপর যখন সব ছাত্রী বাসের ভেতরে প্রবেশ করে তখন ওই নারী বোমার বিস্ফোরণ ঘটায়।’
ওই গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে ওই নারীর পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি।
অপর এক পুরুষ আত্মঘাতী বোমা হামলাকারী বোলান হাসাপাতালের ভেতরে প্রবেশ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কর্মকর্তারা সেই জনাকীর্ণ হাসাপাতালে যাওয়ার পর ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
কোয়েটার পুলিশ প্রধান মির জুবাইর মেহমুদ জানিযেছেন, কোয়েটার ডেপুটি কমিশনার মানসুর কাকার হাসপাতালের বাইরে গোলাগুলিতে নিহত হয়েছেন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ভয়ার্ত মানুষ হাসপাতাল ভবন ছেড়ে পালাচ্ছে আর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হচ্ছে।
বন্দুকধারীরা হাসপাতালের জরুরী বিভাগের দখল নিয়ে আহতদের ঢাল বানিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে।
ইসলামধর্মীয় আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা কোয়েটার অনেক দিনের সমস্যা। এখানকার শিয়া হাজারা সংখ্যালঘুদের লক্ষ্ করে প্রায়ই প্রাণক্ষয়ী হামলা চালানো হয়।
শহর পুলিশ প্রধান মির জুবায়ের মেহমুদ জানিয়েছেন, বোমা হামলা চালানো বাসের ছাত্রীরা হাজারাসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিল। এদের লক্ষ্ করে সারা বছর ধরে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
দ্বিতীয় হামলাটি সরকারি কর্মকর্তাদের লক্ষ্ করে চালানো হয়েছে বলে মনে করেন বুলাইদি।
নওয়াজ শরিফের মুসলিম লিগ সরকার পাকিস্তানের ক্ষমতা গ্রহণের পর এটিই দেশটিতে সবেচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।
