২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি কেলেঙ্কারি: পদত্যাগ করছেন চেক প্রধানমন্ত্রী

দুর্নীতি ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দাগিরির কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্রা নেকাস। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jun 2013, 04:47 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

রোববার নিজ দলের সহযোগীদের চাপে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।

চেক প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে সোমবার সরকারেরও পতন ঘটবে।

শুক্রবার পার্লামেন্ট সদস্যদের ঘুষ দেওয়া ও জনসাধারণের ওপর গোয়েন্দাগিরির জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার দায়ে অভিযুক্ত হন প্রধানমন্ত্রী নেকাসের মুখ্য সচিব ইয়ানা নাদিওভা। এর দুদিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন তিনি।

রো্ববার নিজ দল সিভিক ডেমক্রেটিক পার্টির বৈঠকের পর জোট সরকারের অন্যান্য শরীকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এর এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, “আগামীকাল প্রধানমন্ত্রীর পদ থেকে আমি পদত্যাগ করবো।”

তিনি জানান, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বপালনের জন্য অন্য কারো নেতৃত্বে তার দল একটি নুতন সরকার গঠনের চেষ্টা করবে।

নেকাস ও তার প্রশাসন নতুন একটি সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্বপালন করে যাবে।

প্রধানমন্ত্রী নেকাসের স্ত্রী রাদকার ওপরও গোয়েন্দাগিরির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তের সঙ্গে জড়িত আইজীবীরা। নেকাসের সঙ্গে রাদকার বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

গোয়েন্দাগিরির বিষয়ে কিছুই জানেন না বলে দাবী করেছেন নেকাস। কিন্তু অভিযোগ এতো গুরুতর যে নেকাসের জোট সহযোগীরা ইঙ্গিত দিয়েছেন তারা আর নেকাসকে সমর্থন করবেন না।

এতে পরবর্তী সরকার গঠণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি একটি অনিশ্চিত সময়ের মুখোমুখি হল। প্রধানমন্ত্রীর শূন্য আসন পূরণ করা নিয়ে এখন সরকারী জোট, বিরোধীদল ও প্রেসিডেন্টের মধ্যে ব্যাপক দরকষাকষি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।